মিয়ানমার নিরীহ মানুষকে শাস্তি দিতে পারে না: হাসিনার সঙ্গে বৈঠকে সুষমা
https://parstoday.ir/bn/news/bangladesh-i47766-মিয়ানমার_নিরীহ_মানুষকে_শাস্তি_দিতে_পারে_না_হাসিনার_সঙ্গে_বৈঠকে_সুষমা
ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারকে অবশ্যই ফেরত নিতে হবে। কত দিন ধরে বাংলাদেশে এ ভার বহন করে চলবে? রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান হতে হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২২, ২০১৭ ২৩:৫৫ Asia/Dhaka
  • শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছেন সুষমা স্বরাজ
    শেখ হাসিনার সঙ্গে বৈঠক করছেন সুষমা স্বরাজ

ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারকে অবশ্যই ফেরত নিতে হবে। কত দিন ধরে বাংলাদেশে এ ভার বহন করে চলবে? রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান হতে হবে।

রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের কাছে ব্রিফ করেন। তিনি জানান, রাখাইনে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে সুষমা স্বরাজ বলেছেন, সন্ত্রাস দমন অভিযানে মিয়ানমার দেশটির নিরীহ মানুষকে শাস্তি দিতে পারে না। যারা দুস্কৃতকারী এবং সন্ত্রাসী তাদের শাস্তি দিতে পারে মিয়ানমার। কিন্তু সাধারণ জনগণ কেন ভুক্তভোগী হবে?

মিয়ানমারের থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন ও রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের অবস্থানের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন ভারতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিয়ানমারের নেতা অং সান সু চিকে দেয়া পরামর্শের কথা উল্লেখ করে সুষমা বলেন, মোদী বলেছেন, তার (সু চি) আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সুনাম ও সুখ্যাতি রয়েছে তা যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে। 

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে ২৫ আগস্টের পর শরণার্থীদের আগমন এবং বতর্মানে তাদের সার্বিক অবস্থা সম্পর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

শেখ হাসিনার কাছে ঐতিহাসিক স্মারক ও দলিল হস্তান্তর করেন সুষমা স্বরাজ

শেখ হাসিনান্ত্রী বলেন, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি মানবিক কারণে এবং ১৬ কোটি লোককে যদি খাওয়াতে পারি তবে মিয়ানমার থেকে আশ্রয়ের জন্য আগতদেরও খাওয়াতে পারব। এছাড়া, মিয়ানমারের সঙ্গেও আমাদের সম্পৃক্ততা রয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও মিয়ানমার যাচ্ছেন।

সুষমা স্বরাজ এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন।

বৈঠকে শেখ হাসিনার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন সেদেশের পররাষ্ট্রসচিব জয়শঙ্কর এবং ঢাকায় দেশটির রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা।

বৈঠকের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ প্রধানমন্ত্রীর কাছে জাতীয় জাদুঘরের জন্য একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্মারক ও দলিল হস্তান্তর করেন। যার মধ্যে রয়েছে, একটি এম আই ফোর হেলিকপ্টার, দুটি পিটি ৭৬ ট্যাংক এবং ২৫টি সমরাস্ত্র। #

পার্সটুডে/এআর/২৩