পৃথিবী বুঝে গেছে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবে না: খালেদা
https://parstoday.ir/bn/news/bangladesh-i50783-পৃথিবী_বুঝে_গেছে_হাসিনার_অধীনে_কোনো_নির্বাচন_সুষ্ঠু_হয়নি_হবে_না_খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমরা নির্বাচনের দল, আমরা নির্বাচন করব। বাইরে রাখতে চাইলেই রাখা যাবে না। নির্বাচন করব আমরা- সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা নির্বাচন করব, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, হাসিনার অধীনে নয়। সেই নির্বাচনই এ দেশে হবে। কারণ সারা পৃথিবী বুঝে গেছে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়নি, হবে না। সেটা মানুষ বুঝেছে।’  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ০২, ২০১৮ ১৮:৪০ Asia/Dhaka
  • পৃথিবী বুঝে গেছে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবে না: খালেদা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমরা নির্বাচনের দল, আমরা নির্বাচন করব। বাইরে রাখতে চাইলেই রাখা যাবে না। নির্বাচন করব আমরা- সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা নির্বাচন করব, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, হাসিনার অধীনে নয়। সেই নির্বাচনই এ দেশে হবে। কারণ সারা পৃথিবী বুঝে গেছে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু নির্বাচন হয়নি, হবে না। সেটা মানুষ বুঝেছে।’  

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিএনপি নেত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে এরা তো ভোটই পায় নাই। এদের তো পার্লামেন্টে থাকার যোগ্যতাও নাই। কাজেই পার্লামেন্টে ভেঙে দিতেই হবে।’

দেশ এক ব্যক্তির দখলে

খালেদা জিয়া আরো বলেন, 'দেশে গণতন্ত্র নেই, বৈধ সরকার নেই, আইনের শাসন, কথা বলার অধিকার নেই। তার প্রমাণ একটু আগে দেখলাম। অনেকদিন ধরে ছাত্ররা আলোচনা সভার প্রস্তুতি নিয়েছে। অনুমতি দিয়েছে, ভাড়াও নিয়েছে। অথচ হঠাৎ করে হলরুমে তালা লাগিয়ে দিল। এটা কেমন আচরণ? আজকে দেশ এক ব্যক্তির দখলে, দেশ পিছিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ তার জন্য দায়ী। গুম, খুন বেড়েছে, দ্রব্য মূল্য বেড়েছে। মানুষের অভাবের শেষ নেই।'

'আওয়ামী লীগ অন্যের কাঁধে ভর করে ক্ষমতায় এসেছে’

তিনি বলেন, 'আওয়ামী লীগকে মানুষ বিশ্বাস করে না। তারা মানুষের ভোটে না, অন্যের কাঁধে ভর করে ক্ষমতায় এসেছে বারবার। অবৈধভাবে ক্ষমতায় এসে মানুষ নির্যাতন করছে। বিএনপি মানুষের ভোটে ক্ষমতায় আসে। অন্যের ওপর নির্ভর করে নয়।'

পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না

বিএনপির চেয়ারপারসন বলেন, 'পদ্মা সেতুর স্বপ্ন দেখাচ্ছে সরকার। কিন্তু পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না। এ সেতু জোড়া তালি দিয়ে বানানো হচ্ছে। এ সেতুতে কেউ উঠবেন না।'

ভারতকে আমরা বন্ধুর মতো দেখতে চাই

প্রতিবেশী দেশ ভারতের প্রশংসা করে তিনি বলেন, 'ভারত আমাদের স্বাধীনতার সময় সাহায্য করেছে। ভারতকে আমরা বন্ধুর মতো দেখতে চাই। বন্ধু হয়ে থাকতে চাই সবসময়।'

‘আওয়ামী লীগ পুলিশকে খারাপ বানাচ্ছে’

খালেদা জিয়া বলেন, 'দেশের পুলিশ খারাপ নয়, আওয়ামী লীগ পুলিশকে খারাপ বানাচ্ছে। পুলিশ নিজেদের কাজ করুক। তবে আমার অনুরোধ, আমার ছেলেদের ধরবেন না। যারা জেলে আছে ছেড়ে দিন। পুরো দেশটি আজ কারাগার হয়ে গেছে। আমরা সবাই বন্দি। শুধু শেখ হাসিনা এবং তার ছেলে মুক্ত।'

২০১৮ সাল হবে গণতন্ত্রের বছর

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেত্রী বলেন,  'তোমরা ঐক্য, ঈমান, শৃঙ্খলা ঠিক রাখলে সব কিছু জয় করা সম্ভব। শুধু স্লোগান দিলে হবে না। স্লোগানের ধারা পরিবর্তন করতে হবে। আগের স্লোগান দিলে হবে না। সময়ের প্রেক্ষাপট অনুযায়ী তা পরিবর্তন করতে হবে। তোমরা এগিয়ে চলো। ২০১৮ সাল হবে গণতন্ত্রের বছর।’

৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের অনুমতি থাকলেও মিলনায়তনের গেইট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেননি ছাত্রদলের নেতাকর্মীরা। তাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে দুপুর থেকে বিক্ষোভ করে সংগঠনটির নেতাকর্মীরা। বিকেলে সেখানে স্থাপন করা অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা। বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বর পৌঁছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে সমাবেশের জন্য ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশন মিলনায়তন খুলে দেয়া হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২