২০২১ সালে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেখতে চাই: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i51183-২০২১_সালে_বাংলাদেশকে_ক্ষুধা_ও_দারিদ্র্যমুক্ত_দেখতে_চাই_প্রধানমন্ত্রী
বাংলাদেশে সার্বিক সুষম উন্নয়নই সরকারের লক্ষ্য, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "আমরা উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি, যার সুফল পাচ্ছে জনগণ। ২০২১ সালে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেখতে চাই। এটি যেন অব্যাহত থাকে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালনা করা হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জানুয়ারি ১১, ২০১৮ ১৫:০০ Asia/Dhaka
  • ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলা উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশে সার্বিক সুষম উন্নয়নই সরকারের লক্ষ্য, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "আমরা উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি, যার সুফল পাচ্ছে জনগণ। ২০২১ সালে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেখতে চাই। এটি যেন অব্যাহত থাকে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালনা করা হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"

আজ (বৃহস্পতিবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে তিন দিনের উন্নয়ন মেলা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময়, কয়েকটি জেলার সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, "সরকার যে কাজগুলো করেছে এবং ভবিষ্যতে যে কাজগুলো করতে যাচ্ছে তা সম্পর্কে জনগণকে সম্যক ধারণা দিতেই এই মেলার আয়োজন। উন্নয়ন কর্মসূচিগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে দরকার। এই উন্নয়ন যেন অব্যাহত থাকে সেই লক্ষ্য নিয়েই এই উন্নয়ন মেলার সূচনা।"

এ সময়, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমাদের উন্নয়ন সার্বিকভাবে সব মানুষের, বিশেষ করে গ্রামের মানুষের জন্য। গ্রামের মানুষের উন্নয়নের জন্য রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা ব্যবস্থার উন্নতিসহ আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি যেন বিশ্ব দরবারে সম্মানজনক স্থানে পৌঁছাতে পারি।"

শেখ হাসিনা আরও বলেন, "আমরা যেসব উন্নয়ন কাজ করতে পেরেছি ও করার পদক্ষেপ নিয়েছি সেগুলোর ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। সরকারের উন্নয়ন হচ্ছে জনগণের উন্নয়ন, তৃণমুল পর্যায়ের মানুষের উন্নয়ন। ডিজিটাল বাংলাদেশের মানুষ এখন সব ধরনের সেবা পাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনমান উন্নত ও সহজ করাই আমাদের লক্ষ্য, আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি।"

প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের প্রতিটি মানুষ ঘর পাবে, চিকিৎসাসেবা পাবে, প্রতিটি মানুষ আলোকিত হবে। এগুলোই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর কিভাবে দেশের মানুষের উন্নতি করা যায় আমাদের সেই ভাবনা ছিল সবসময়। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।"

অনুষ্ঠানে, সরকারে উন্নয়ন বিষয়ক একটি ভিডিওচিত্র দেখানো হয়। উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে ঢাকাসহ দেশজুড়ে শুরু হয়েছে তিন দিনের এ উন্নয়ন মেলা। ১৩ জানুয়ারি পর্যন্ত ৬৪টি জেলা ও সব উপজেলায় প্রান্তিক পর্যায়ের জনগণের কাছে উন্নয়ন তৎপরতা ও সাফল্য তুলে ধরা হবে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১১