বিএনপি নেতা-কর্মীদের কারাগারে রেখে নির্বাচন নয়: মির্জা ফখরুল
-
জাতীয়তাবাদী মহিলা দলের অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম
বাংলাদেশে বিরোধীদলের নেতা-কর্মীদের কারাগারে রেখে কোনো নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলের গুরুত্বপূর্ণ নেতারা এমন মন্তব্য করেছেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এবং তাদের কারাগারে রেখে এখানে কোনো নির্বাচন হবে না। এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং জনগণ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
সরকারকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া সপ্তাহে পাঁচ কর্মদিবসের মধ্যে তিন দিন কোর্টে হাজিরা দেবেন আর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে নৌকার পক্ষে ভোট চেয়ে বেড়াবেন এভাবে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না। তাই আমরা বারবার বলছি, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আজকে আমাদের সকলকে জেগে উঠতে হবে এবং সজাগ হতে হবে। যে গণতন্ত্র হারিয়ে গেছে এবং যে অধিকার আমাদের কাছ থেকে নিয়ে গেছে, সেগুলো ফিরিয়ে আনতে হবে।
'খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না'
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।
গয়েশ্বর চন্দ্র বলেন, বর্তমান সরকার বিএনপি চেয়ারপারসনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তারা এভাবে বিএনপিকে চাপে রেখে আবারো একটি যেনতেন নির্বাচন করতে চায়। কিন্তু সে ধরনের নির্বাচন আর করতে দেয়া হবে না।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই সরকার আবারো ৫ জানুয়ারির মতো একটি ভোটারবিহীন নির্বাচন করতে চায়। কিন্তু পরিষ্কার ভাষায় শুনে রাখুন শেখ হাসিনা- জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার শক্তি সামর্থ আপনার নেই।’
'খালেদা জিয়াকে বাইরে রেখে নির্বাচনের ষড়যন্ত্র চলছে'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রাজধানীতে আর একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার ষড়যন্ত্র চলছে।
আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এই আলোচনা সভার আয়োজন করে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২