বিএনপি আদালত অবমাননা করেছে: ওবায়দুল কাদের
-
শীতলক্ষ্যা তৃতীয় সেতুর পাইলের কাজ উদ্বোধন করেন ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আদালত অবমাননা করেছে। রায় কী হবে সেটা জানেন আদালত। কিন্তু কী রায় হবে তা না জেনেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আদালতকে হুমকি দিচ্ছেন। বিএনপি এটা করতে পারে না। রায়কে ঘিরে কোনো নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হলে মোকাবেলা করার জন্য সরকার লাগবে না, জনগণই প্রতিরোধ করবে।
আজ (রবিবার) দুপুরে নারায়ণগঞ্জের গোগনগরে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাইলিং কাজের উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করেছে এবারও তারা নির্বাচনে না এলে আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতার একটা ফাঁক তৈরি হবে। কিন্তু তা ভেবে থাকলে তারা বোকার স্বর্গে বাস করছেন। এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে না, অনেকগুলো দল এবার নির্বাচনে অংশ নেবে।
অপরদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি এখনো বিচারহীনতার সংস্কৃতি ত্যাগ করে নি। নির্বাচনের অজুহাতে অপরাধীকে রক্ষা ও হালাল করার কু-রাজনীতি বিএনপি এখনো চর্চা করছে। এটা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। সুতরাং আগুন নিয়ে খেলবেন না, আগুন নিজেও জ্বলে আবার জ্বালায়।
আজ দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আদালতের কার্যক্রম বন্ধ রাখা এবং অপরাধীকে হালাল করার দরকষাকষির হাতিয়ার নির্বাচন নয়। বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান কাউকে আইনের উর্ধ্বে রাখার সুযোগ নেই।
তথ্যমন্ত্রী আরো বলেন,দল দেখে বা মুখ দেখে আদালত পরিচালনার দিন শেষ হয়েছে। বেগম খালেদা জিয়ার মামলা বিগত দশ বছর ধরে চলছে। সুতরাং এখানে গায়েবি নির্দেশনা দেয়ার কোন জায়গা নেই।#
পার্সটুডে/আবদুর রহমান খান/নাসির মাহমুদ/২৮