বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i53877-বাংলাদেশের_অগ্রযাত্রা_কেউ_ব্যাহত_করতে_পারবে_না_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
মার্চ ০৩, ২০১৮ ১৬:৪৬ Asia/Dhaka
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ (শনিবার) খুলনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৫৮তম কনভেনশন অনুষ্ঠানের উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব প্রকৌশলীদের ওপরই বর্তায়। গ্রাম পর্যায় থেকে উন্নয়ন নিশ্চিত করার লক্ষেই সব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।  

এ সময়, শেখ হাসিনা বলেন, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। জনগণ যেন আইনের শাসন ভোগ করতে পারে, সেজন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার।

অনুষ্ঠানে তাঁর সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এত উন্নয়ন প্রকল্প আর কোনো সরকার বাস্তবায়ন করতে পারে নাই। আমাদের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৮ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্য বর্তমান বাজেটে ঠিক করা হয়েছে, তা অর্জনেও দৃঢ় আশাবাদ পোষণ করেন তিনি।

গভীর সমুদ্রবন্দর নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, আন্তঃদেশীয় রেল এবং এলএনজি টার্মিনাল নির্মাণ, কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের মতো ফার্স্ট ট্রাক প্রকল্পগুলোতে প্রকৌশলীদের বিশেষ ভূমিকার কথাও বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দারিদ্র্যের হার ২২ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের এ অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩