অবৈধ ক্ষমতার চেয়ারে উইপোকা ধরেছে: প্রধানমন্ত্রীকে সতর্ক করল রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i54746-অবৈধ_ক্ষমতার_চেয়ারে_উইপোকা_ধরেছে_প্রধানমন্ত্রীকে_সতর্ক_করল_রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করে বলেছেন, আপনার অবৈধ ক্ষমতার মখমলের চেয়ারের চারপায়ে যে উইপোকা ধরেছে সেটি আপনি টের পাচ্ছেন না। পতন কিন্তু বলে কয়ে আসে না। উত্তরের কালবৈশাখী ঝড়ের মতো কখন যে গদি উল্টে যাবে তা অনুধাবণ করতে পারছেন না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২২, ২০১৮ ১৫:৩০ Asia/Dhaka
  • বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
    বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করে বলেছেন, আপনার অবৈধ ক্ষমতার মখমলের চেয়ারের চারপায়ে যে উইপোকা ধরেছে সেটি আপনি টের পাচ্ছেন না। পতন কিন্তু বলে কয়ে আসে না। উত্তরের কালবৈশাখী ঝড়ের মতো কখন যে গদি উল্টে যাবে তা অনুধাবণ করতে পারছেন না।

বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুরে নয়া পল্টনের দলীয় কার্যলয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এমন  মন্তব্য করেন।  এসময় একটি কবিতা আউড়ে রিজভী বলেন,  সত্যি আমরা আজব দেশে বাস করছি - আজব দেশের ধন্য রাজা, দেশজোড়া তার নাম, বসলে বলে হাঁটরে তোরা, চললে বলেন-থাম।

রিজভী আরো বলেন, উন্নয়নের নামে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদেরকে জিম্মি করে আওয়ামী লীগের যেকোনো কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করছে। বর্তমানে দেশে গণতন্ত্র শরবিদ্ধ, সুশাসন আওয়ামী লীগের চাকায় পিষ্ট। এই গণতন্ত্রহীন দেশে লুটপাটের নামে জনগণের টাকা আত্মসাৎকে সরকার উন্নয়ন বলে দাবি করছে।

রিজভী বলেন, পরিণতি না ভেবেই বর্তমান শাসকগোষ্ঠী এখন সবকিছুতেই বেপরোয়া হয়ে জনগণকে সন্ত্রস্ত  করে একটা নীল নকশা বাস্তবায়নে দ্রুততার সাথে এগিয়ে চলছে।  

সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলনিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত করতে  বাধ্য হবেন, আপনাদের সকল চক্রান্ত ও নীল নকশা জনগণের সম্মিলিত শক্তির অভিযাত্রায় প্রতিহত করা হবে।

শিশুপার্কের নাম পরিবর্তনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সরকার শহীদ জিয়ার নাম মুছে ফেলার ঘৃণ্য উদ্যোগ নিলেও জাতির হৃদয় থেকে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না। তিনি আছেন থাকবেন যুগযুগ ধরে কোটি কোটি মানুষের অন্তরে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে সরকারের এধরণের উদ্যোগকে নিন্দা জানান  এবং এধরণের প্রতিহিংসাপূর্ণ  উদ্যোগ থেকে সরকারকে সরে আসারও আহবান জানান তিনি।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২২