গণতন্ত্রহীন অবস্থায় উন্নয়নশীল দেশের তকমা অর্থহীন: মওদুদ
https://parstoday.ir/bn/news/bangladesh-i54786-গণতন্ত্রহীন_অবস্থায়_উন্নয়নশীল_দেশের_তকমা_অর্থহীন_মওদুদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ক্ষমতায় থাকলে আরও সাত থেকে আট বছর আগে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৩, ২০১৮ ১৬:৪৪ Asia/Dhaka
  • বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ
    বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ক্ষমতায় থাকলে আরও সাত থেকে আট বছর আগে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেত বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ(শুক্রবার) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া নাগরিক ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

মওদুদ বলেন, এই সরকারের লুটপাট, দুর্নীতি আর কুশাসনের ফলে আজকে এই স্বীকৃতি পেতে বিলম্বিত হয়েছে। এ স্বীকৃতিতে সরকারের কোনো অবদান নেই।

যেখানে গণতন্ত্র ও ন্যায়বিচার নেই, সেখানে উন্নয়নশীল দেশের এ তকমা অর্থহীন মন্তব্য বলেও মন্তব্য করেন বিএনপির এ নীতিনির্ধারক। তিনি বলেন, দেশে  আজ গণতন্ত্র নেই। মানুষের কথা বলার অধিকার নেই। এমন উন্নয়নে দেশের মানুষ কোনোভাবে সম্পৃক্ত হতে চায় না। কারণ, গণতন্ত্র ছাড়া কখনো সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দেশের জনমতের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করে মওদুদ আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি এই রকম অবাধ ও সুষ্ঠু হয়, তাহলে বিএনপি ও ২০ দলীয় জোটের সঙ্গে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের তফাৎ হবে ৭৫ শতাংশ।

মওদুদ আহমদ বলেন, সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে; কিন্তু জিততে পারেনি।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন

উল্লেখ্য, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল একটি সহসম্পাদকসহ চারটি পদে জয়লাভ করেছে।

সভাপতি পদে নীল প্যানেলের অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৫৪ ভোট বেশি পেয়ে আবারও বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটসংখ্যা ২,৩৬৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের ইউসুফ হোসেন হুমায়ন। তাঁর প্রাপ্ত ভোটসংখ্যা ২,৩১৫। অন্যদিকে সম্পাদক পদে নীল প্যানেলের ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ৪৪১ ভোট বেশি পেয়ে টানা ষষ্ঠবারের মতো বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা প্যানেলের এস কে মো. মোরসেদ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩