একনায়কতন্ত্রের তালিকায় বাংলাদেশ: ফখরুল বললেন লজ্জাজনক
https://parstoday.ir/bn/news/bangladesh-i54826-একনায়কতন্ত্রের_তালিকায়_বাংলাদেশ_ফখরুল_বললেন_লজ্জাজনক
বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না বলে একটি জার্মান গবেষণা প্রতিষ্ঠান যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটা বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রতিফলন এবং দেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছে বিএনপি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৪, ২০১৮ ১৪:৩২ Asia/Dhaka
  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না বলে একটি জার্মান গবেষণা প্রতিষ্ঠান যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটা বাংলাদেশের রাজনৈতিক অবস্থার প্রতিফলন এবং দেশের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছে বিএনপি।

স্বৈরশাসনের তালিকায় বাংলাদেশের নাম

 আজ(শনিবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপির মহাসচিব বলেন, জার্মান গবেষণা প্রতিবেদনে যে ধরনের তথ্যে এসেছে, তা নিয়ে বিএনপি আগে থেকে বলে আসছিল। এখন সেটারই প্রতিফলন ঘটছে।

বিশ্বের ১২৯টি দেশে গণতন্ত্র, বাজার অর্থনীতি এবং সুশাসনের অবস্থা নিয়ে এক সমীক্ষার পর জার্মান প্রতিষ্ঠান বেরটেলসম্যান স্টিফটুং তাদের রিপোর্টে এই মন্তব্য করে। রিপোর্টটি শুক্রবার প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিশ্বের বিভিন্ন  দেশ- যেখানে গণতন্ত্র বিদায় নিয়েছে এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে  সেরকম  পাঁচটি দেশের মধ্যে একটি বাংলাদেশ যা আমাদের জাতীয় লজ্জার বিষয়।

বাংলাদেশের এ পরিণতির জন্য বর্তমান সরকারকে নিন্দা জানিয়ে  ফখরুল বলেছেন, সরকার আজকে স্বৈরতান্ত্রিক হয়ে বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে এসেছে। এটাতে আমরা বাংলাদেশের নাগরিক, যারা মুক্তিযুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছি, স্বাধীনতা অর্জন করেছি, তারা অত্যন্ত লজ্জাবোধ করছি।

২৪ মার্চে জাতীয় পার্টিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে দেয়ার সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, যারা (জাতীয় পার্টি) একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে সেদিন (২৪ মার্চ) জোর করে ক্ষমতা দখল করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, তারা আজকে সমাবেশ করছে। অথচ যারা গণতন্ত্রের জন্য স্বৈরাচারের বিরুদ্ধে সেদিন আন্দোলন করেছে বারবার অনুমতি চাওয়া হলেও তাদের অনুমতি দেওয়া হচ্ছে না।   

মির্জা ফখরুল জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবং ভবিষ্যতে দলের করণীয় কী, সে বিষয়ে মাঠ পর্যায়ের নেতাদের কাছে পরামর্শ নিতে বিএনপির ৩৭টি টিম ৭৮টি সাংগঠনিক জেলা সফর করবে। ২৩ মার্চ থেকে শুরু হয়ে এই সফর চলবে ২০ এপ্রিল পর্যন্ত।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৪