খালেদার কারাবাসে জাতিসংঘের উদ্বেগ, মাদক অভিযানে মান বজায় রাখার তাগিদ
-
জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক
বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সজাগ দৃষ্টি রাখছে জাতিসংঘ। অভিযান পরিচালনায় কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানবাধিকার সুরক্ষার জন্যও সরকারকে জোর তাগিদ দিয়েছে সংস্থাটি।
একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারান্তরীণের ঘটনায় জাতিসংঘ আবারও তাদের উদ্বেগ ব্যক্ত করেছেন।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে চলমান মাদক বিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও কারাগারে বিএনপি চেয়ারপারসনের প্রতি অমানবিক আচরণ- প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় জাতিসংঘের অবস্থান তুলে ধরেন মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক।
তিনি জানান, বাংলাদেশে চলমান মাদক অভিযানের বিষয়ে সজাগ রয়েছে জাতিসংঘের ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম। এ অভিযানে মানবাধিকার যেন লঙ্ঘন না হয় সে আহ্বান জানিয়ে মহাসচিবের মুখপাত্র ফারহান বলেন, ইউএন অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম (ইউএনওডিসি)’র আওতাভুক্ত সব সদস্য দেশগুলোর উচিত মাদক দমন করার ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতির দিকে খেয়াল রাখা, মানবাধিকার সমুন্নত রাখা।
বিচার ও অভিযানের স্বচ্ছতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরো বলেন, এ ক্ষেত্রে যারা মাদকের সঙ্গে জড়িত তাদের ন্যায়-বিচার নিশ্চিত, স্বচ্ছতা বজায় ও আন্তর্জাতিক মানদণ্ডে বিচার পরিচালনা করবে সেসব দেশের পাশে থাকবে জাতিসংঘ। যারা মাদকের অপরাধের সঙ্গে জড়িত তাদের প্রমাণ সাপেক্ষ সুষ্ঠু বিচার, স্বাভাবিক পথে ফিরিয়ে আনা এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২