'সরকার চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর, উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি'
https://parstoday.ir/bn/news/bangladesh-i59264-'সরকার_চিরদিন_ক্ষমতায়_থাকার_স্বপ্নে_বিভোর_উপযুক্ত_সময়ে_উপযুক্ত_কর্মসূচি'
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, চিরদিন রাষ্ট্রক্ষমতায় থাকার দিবাস্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহোৎসব চালিয়ে যাচ্ছে।   
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২০, ২০১৮ ১৩:১৭ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, চিরদিন রাষ্ট্রক্ষমতায় থাকার দিবাস্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহোৎসব চালিয়ে যাচ্ছে।   

আজ (বুধবার) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনকে প্রভাবিত করার জন্য জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে সরকার। দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের নামে নতুন নতুন মামলা দায়ের ও কারান্তরীণ করা যেন শাসকগোষ্ঠীর এক ধরনের তামাশায় পরিণত হয়েছে।

ফখরুল আরও বলেন, কাশিমপুরের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী শওকত হোসেন সরকারের প্রতিহিংসার রাজনীতির শিকার। আমি শওকত হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

ব্যারিস্টার মওদুদ আহমদ

 উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে: মওদুদ

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠান জন্য ‘উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে।’

আজ (বুধবার) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্যারিস্টার মওদুদ বলেন, 'আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ইশারায় আমাকে ঈদের ছুটিতে নোয়াখালীর বাড়িতে অবরুদ্ধ থাকতে  হয়েছে। শুধু নোয়াখালী নয়, সারা দেশেই বিএনপি নেতাকমীদের ওপর চলছে দমন পীড়ন। তবে এ অবস্থা আর বেশি দিন চলবে না।’

মওদুদ আহমদ বলেন, ‘শুধু নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কোনো স্বৈরাচারী সরকারকে পৃথিবীর কোথাও অপসারণ করা সম্ভব হয়নি। সুতরাং এ দেশেও সেটা সম্ভবপর হবে না। সেই উপলব্ধি থেকে উপযুক্ত সময়ে উপযুক্ত কর্মসূচি দেওয়া হবে এবং সে কর্মসূচি সফল হবে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে।“

খালেদার মুক্তি দাবিতে কাল বিএনপির বিক্ষোভ

এদিকে, দলের কারাবন্দী চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেবার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।

আইনমন্ত্রী আনিসুল হক

সরকারের কিছু করার নেই: আইনমন্ত্রী

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক আজ বলেছেন, জেল কোডে যা আছে তার চেয়ে বেশি সুবিধা খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে। তবে, আইনের ব্যত্যয় ঘটিয়ে সরকারের কিছু করার নেই।

এর আগে সরকারের খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, অসুস্থতার অজুহাত দেখিয়ে খালেদা জিয়াকে বিদেশ পলায়নে সহায়তা করা এবং তার জামিনের বিরুদ্ধে আপিল শুনানি কীভাবে বিলম্বিত করা যায়, সে লক্ষ্য নিয়েই বিএনপি মিথ্যাচার করছে।

তবে, বিএনপি অভিযোগ করছে, খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে না নিয়ে সরকার তাকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। পাশাপাশি তাকে নির্বাচন থেকে বাইরে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০