রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থীর গণসংযোগে ককটেল হামলা, আহত ৫
বাংলাদেশের রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির গণসংযোগে ককটেল হামলায় সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছে।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া-বটতলা মোড়ে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্য দেয়ার সময় এ ঘটনা ঘটে। এতে এক সংবাদকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত জনগণের উদ্দেশে বক্তব্য শুরুর পরপরই চারটি মোটরসাইকেলে সশস্ত্র আট যুবক এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বটতলা মোড়ের পূর্ব দিকের রাস্তা দিয়ে সাগরপাড়া এসি মসজিদের পাশ দিয়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণের ঘটনায় বাংলাভিশনের সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য, পাশে কর্মকার দোকানের স্বপন কর্মকারসহ পাঁচজন আহত হয়েছেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু ককটেল হামলার সঙ্গে সরকারদলীয় প্রার্থীর লোকজন জড়িত দাবি করে বলেন, নিজেদের ভরাডুবি বুঝতে পেরে রাজশাহীর শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নষ্ট করতেই প্রতিপক্ষ এ হামলার ঘটনা ঘটিয়েছে।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, ঘটনার পর ওই এলাকায় বিএনপির গণসংযোগ বন্ধ হয়ে যায়। আহত বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্যকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার সংবাদ পেয়ে আওয়ামী লীগ মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন আহত সাংবাদিককে দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭