২ সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করল বিএনপি, কাল প্রতিবাদ কর্মসূচি
-
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। ওই দুই সিটির ভোট বাতিল করে নতুন নির্বাচন চেয়েছে দলটি। সিলেটসহ তিন সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের প্রতিবাদে বিএনপি আগামী বৃহস্পতিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বলেন, গাজীপুর ও খুলনার মতো এই তিন সিটিতে ভোট চুরি বা কারচুপি নয়, ভোট ডাকাতির ‘মহোৎসব’ হয়েছে। নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করা হয়েছে।
গতকাল অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচন রাজশাহী ও বরিশালে আওয়ামী লীগ-মনোনীত মেয়র প্রার্থী জয়ী হয়েছেন। আর সিলেটের ফল ঘোষণা করা হয়নি। সেখানে বিএনপি-মনোনীত মেয়র প্রার্থী এগিয়ে রয়েছেন।
সংবাদ সম্মেলনে সিলেট সিটি নির্বাচন বিষয়ে বিএনপির মতামত জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিলেটের ফলাফল ঝুলিয়ে রাখা হয়েছে। সেখানে বিএনপির নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলেন বলেই আওয়ামী লীগ জয় ছিনিয়ে নিতে পারেনি।
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, "বিরোধী দলগুলোর প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, প্রতিপক্ষ এই অবৈধ সরকারের প্রশাসন এবং অযোগ্য নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন পুলিশের মতোই আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার জন্য নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। শুধু নির্বাচনের দিনে নয়, সিডিউল ঘোষনার দিন থেকেই পুলিশের বিশেষ স্কোয়াড মাঠে নেমেছে। মিথ্যা মামলা, গ্রেফতার, হয়রানী, হুমকি ও ভয় দেখিয়ে বিরোধী দলের কর্মীদের নির্বাচনী প্রচারণা থেকে দুরে রাখা, নির্বাচন কমিশনের নিজস্ব আইন ভঙ্গ, শত শত অভিযোগে কোনও কর্ণপাত না করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন গোটা নির্বাচন ব্যবস্থাকে আবারও ধ্বংস করল।"
মির্জা ফখরুল সিলেটে প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তুলে ধরে নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে তিন সিটি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারা দেশের জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য আবদুস সালাম ও আমান উল্লাহ আমান।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৩১