আমির খসরুর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা: বিএনপির দাবি- 'অডিওটি বানোয়াট’
-
আমির খসরু মাহমুদ চৌধুরী
নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ সম্পর্কে জানিয়েছেন, “ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া এবং ষড়যন্ত্রমূলক আলোচনার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ১৫(৩) ধারায় মামলাটি করা হয়েছে। মামলা নম্বর ১৯।”
মামলার বাদী জাকারিয়া দস্তগীর জানান- “আমির খসরুর কথার জেরেই ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমি মামলা দায়ের করেছি।”
শনিবার আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিও ক্লিপে শোনা যায়, কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক কর্মীর সঙ্গে কথা বলছেন বিএনপির এই নীতিনির্ধারক। তিনি ওই কর্মীকে বলছেন ঢাকায় এসে লোকজন নিয়ে নেমে পড়তে। তবে, আমির খসরু দাবি করেছেন ‘এটি বানোয়াট’।
'এসব তৈরি করা এখন খুব সহজ'
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও অডিও রেকর্ডটিকে 'সম্পূর্ণ বানোয়াট, কারসাজি ও অন্যের তৈরি' বলে মন্তব্য করছেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আইকে তিনি বলেন, এর বিপরীতে তিনটি শব্দই যথেষ্ট- মেনিপিউলেটেড (Manipulated), টুয়েস্টেড (Twisted) এবং ফ্যাব্রিকেটেড (Fabricated)। এগুলো কারসাজির মাধ্যমে তাদের বানানো। এসব তৈরি করা এখন খুব সহজ।
রিজভী বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী হয়তো কোনো সময় অন্য বিষয়ে কোনো কথা বলছিলেন। আর সেটাকে এখন বাচ্চাদের ঠেকানোর জন্য ব্যবহার করছে সরকারি দলের লোকজন। তাদের আসলে আর কোনো উপায় নেই। কোনো কিছুতেই বাচ্চাদের দমন করতে পারছে না। তাই বিএনপিকে জড়িয়ে, অপপ্রচার চালিয়ে তাদের দমন করতে চায়। কিন্তু তাতে কাজ হবে না।
বিএনপির এই নেতা আরো বলেন, এর আগে আমার ছবি নিয়েও তারা অপপ্রচার চালিয়েছে। আমি নাকি আন্দোলনরত বাচ্চাদের কাছে ক্ষমা চাচ্ছি যা বানোয়াট, হাস্যকর।
‘আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে বিএনপিকে জড়িয়েছেন কাদের’
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্র-ছাত্রীদের ন্যায়সঙ্গত আন্দোলন নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে বিএনপিকে জড়িয়ে কথা বলছেন।’
শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘শিক্ষার্থীরা অভিযোগ করেছে সম্পূর্ণ বিনা উসকানিতে আওয়ামী লীগের ধানমন্ডি অফিস থেকে একটি মিছিল নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পূর্বপরিকল্পিতভাবে এসব সন্ত্রাসীরা হেলমেট পড়ে, আগ্নেয়াস্ত্র, রামদা ও লাঠি নিয়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে। এ হামলায় অনেক ছাত্র-ছাত্রী গুরুতর আহত হয়েছে। ঢাকার বাইরেও শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা করেছে।’
তিনি আরও বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি ছাত্র-ছাত্রীদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে অমানবিক আক্রমণ চালিয়ে তাদের আহত করেছে। আমরা এ ধরনের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-ছাত্রীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে বিএনপি সমর্থন করে। সরকারদলীয় সন্ত্রাসীরা ন্যক্কারজনকভাবে হামলা করেছে। একইভাবে তারা কোটা সংস্কার আন্দোলনেও হামলা করেছে। এই সরকার ভিন্নমত সহ্য করে না।’#
পার্সটুডে/আশরাফুর রহমান/৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন