ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনার সরকার আতঙ্কিত: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i64038-ক্ষমতা_হারানোর_ভয়ে_শেখ_হাসিনার_সরকার_আতঙ্কিত_রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার সরকার তাদের ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে হত্যা, গুম, গ্রেপ্তার আর অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে।  আজ (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৮ ১৩:৫১ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার সরকার তাদের ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে হত্যা, গুম, গ্রেপ্তার আর অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে।  আজ (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সরকার নিজেরাই নানা ঘটনা ঘটিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে আবারও নতুন করে নাশকতা বা বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে অথবা পুরোনো মামলার তালিকাভুক্ত দেখিয়ে দেশব্যাপী নির্বিচারে গ্রেপ্তার অভিযান শুরু করেছে। গত কয়েক দিনে দলের চার শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রিজভী বলেন, ‘কিছুদিন আগেও আপনার বহু ঘটনা গণমাধ্যমের সুবাদে দেখছেন বা শুনছেন যে পুলিশ ছাত্র ও যুবকদের পকেটে মাদক ঢুকিয়ে, ইয়াবা ঢুকিয়ে হয়রানি করছে বা অবৈধ কায়দায় ফায়দা নিয়েছে। ঠিক এখন একই কায়দায় ককটেল বা অন্যান্য বিস্ফোরক বস্তু দেখিয়ে বিএনপি নেতাদের নামে মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে বা নানাভাবে হয়রানি করা হচ্ছে।’

বিএনপি’র এ নেতা আরো অভিযোগ করেন, দেশের ভোটারদের ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে ভাগ করে ফায়দা লোটার চক্রান্ত শুরু করেছেন আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা। আকস্মিকভাবে সাম্প্রদায়িক বিভাজনের আওয়ামী নেতার বক্তব্য সেরকম অশুভ চক্রান্তের ইঙ্গিত বহনকরছে।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক চক্রান্ত হচ্ছে, বিএনপি ক্ষমতায় এলে পরিস্থিতি ভয়াবহ হবে' এসব বক্তব্য দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টকরে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে নেমে পড়েছেন ওবায়দুল কাদের সাহেবরা।

বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতার মোহে মশগুল হয়ে আওয়ামী নেতারা মনের বিকারে প্রলাপ বকতে গিয়ে এখন সাম্প্রদায়িকতাকে সামনে নিয়ে আসছেন। তাঁরা ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র-সমাজের স্থিতিকে ভেঙে ফেলতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে মন্দির, গির্জা ও প্যাগোডায় সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে। তাঁর আমলেই সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত ও নিরাপত্তাহীন। আওয়ামী লীগের লোকেরাই সংখ্যালঘুদের ঘরবাড়ি, জায়গা-জমি দখল করেছে। তারাই দেশের বিভিন্ন স্থানে আগুন দিয়ে সংখ্যালঘুদের মন্দির উপাসনালয় জ্বালিয়ে দিয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৪