আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, সরকারকে সরে যেতে হবে: ফখরুল
-
মির্জা ফখরুল ইসলাম (ফাইল ফটো)
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দিন শেষ হয়ে এসেছে দাবি করে তাদের সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ (সোমবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে সরে যেতে হবে। তাদের দিন শেষ হয়ে এসেছে। আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া প্রায় ৮ মাস ধরে কারাগারে বন্দী। তাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটক করে রাখা হয়েছে। আমরা কোন দয়া ভিক্ষা করছি না। একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। পরিষ্কারভাবে আমরা বলতে চাই- সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তাকে অবশ্যই মুক্তি দিতে হবে। তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। মুক্তি তার অধিকার।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে প্রতি পদে পদে স্বাধীনতা হরণ করা হচ্ছে। একটার পর একটা কৌশল নিচ্ছে সরকার। এখন সরকার নতুন করে সারা দেশে গ্রেপ্তার শুরু করেছে। প্রায় ১ লাখের উপরে মানুষকে আসামি করেছে। এভাবে গ্রেপ্তার করে, অত্যাচার, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে না।’
মির্জা ফখরুল বলেন, ‘এই ভয়াবহ নরককে সরাতে হবে। এই ভয়াবহ নরক সরকার থেকে মুক্তি পেতে হবে। সমগ্র জাতিকে আহ্বান জানাচ্ছি, আসুন ঐক্যবদ্ধ হয়ে এই পাথর সরিয়ে দেই। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করি দেশে।’
তিনি বলেন, ‘তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে। খালেদা জিয়াকে কারাগারে রেখে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। তাকে অবশ্যই মুক্তি দিতে হবে।’

পুলিশের অনুমতি সাপেক্ষে আয়োজিত মানববন্ধন শেষে বিএনপির ৩০ থেকে ৪০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।
আজকের মানববন্ধন ছাড়া আগামী বুধবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন বা মহানগর নাট্যমঞ্চে দুই ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন