এবার আর একতরফা নির্বাচনের সুযোগ পাবেন না শেখ হাসিনা: রিজভী
-
রুহুল কবির রিজভী
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের সকল পদক্ষেপ একতরফা নির্বাচনেরই আলামত বলে মন্তব্য করেছে বিএনপি।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্য করে বলেন, “কিন্তু এবার আর একতরফা নির্বাচন করার সুযোগ পাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।“
নিউইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেছেন, সব দলের অংশগ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে সরকার।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তার এই বক্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা। তিনি দেশে এক কথা বলেন, বিদেশে বলেন অন্য কথা। সরকারের সকল পদক্ষেপ একতরফা নির্বাচনেরই আলামত।
রিজভী বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকারপ্রধান তার পুঞ্জিভূত ক্রূরতা, চাতুরী, কুটিলতা ও রক্ত ঝরানো কর্মসূচি নিয়ে বিএনপির ওপর ঝাঁপিয়ে পড়েছে। এ জন্য যখন যেটি প্রয়োজন অর্থাৎ গুম-খুন থেকে শুরু করে মিথ্যা মামলায় বিরোধী নেতাদের ফাঁসানোর কৌশল হাতে নিয়েছে।
বিএনপি’র এ নেতা আরো বলেছেন, মানবাধিকার পায়ে দলতে সরকার যে কোনো দ্বিধা করে না, তার বহু তথ্য সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বই থেকে পাওয়া যাচ্ছে। তাদের অনাচারের প্যান্ডোরার বাক্স খুলে যাওয়ায় সরকার এখন দিশাহারা।
বিএনপির এই মুখপাত্র জানান, গতকালও সারাদেশে মোট ৭টি মামলায় ১৪৪০ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত প্রায় ৫০০ জনের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবী মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের বাসভবনে গোয়েন্দা পুলিশ হানা দিয়েছে। পুলিশের এই ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭