অনুমতি না পেলেও সমাবেশ করবে বিএনপি : মওদুদ
-
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ
আগামীকাল (শনিবার) জনসভা করার অনুমতি না পেলে, পরদিন অনুমতি ছাড়াই জনসভা করবে বিএনপি। এমন ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। জনসভার মাধ্যমে জনগণ সরকারের অপকর্মের জবাব দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ-এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মওদুদ।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগকে পরাজিত করতে একটি কৌশলই যথেষ্ট; তা হলো তাদের অপশাসন, অপকর্ম ও দুর্নীতির চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে। তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে কখনোই ভোট দেবে না। কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। নতুন সড়ক নিরাপত্তা আইন নিয়ে তরুণ প্রজন্মের সাথে প্রতারণা করা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনকে দুরভিসন্ধিমূলক আখ্যা দিয়ে ব্যারিস্টার মওদুদ বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটি কালো আইন পাস করেছে সরকার। এই আইন তৈরি করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছে।
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বইয়ের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, এই অবৈধ সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না। বিচার বিভাগে কীভাবে নগ্ন হস্তক্ষেপ করা হয়, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বইয়ে সেটা উঠে এসেছে। সিনহার বই ঐতিহাসিক এক দলিল। এজন্য তাকে এ দেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা একবারেই খাঁটি বাকশাল মার্কা মুখপাত্রে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নুরুল হুদা কুমিল্লার ডিসি থাকার সময় জনতার মঞ্চ তৈরি করেছিলেন এবং খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছিলেন। ক্ষমতাসীনদের সঙ্গে মিশতে মিশতে, বাকশালী সংস্কৃতির স্পর্শ পেয়ে শাসকগোষ্ঠীর মনের মানুষে পরিণত হয়েছেন তিনি। একবোরেই খাঁটি বাকশাল মার্কা মুখপাত্রে পরিণত হয়েছেন।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী আহমেদ।
তিনি আরও বলেন, নিবন্ধন ঝুঁকিতে পড়বে বলে সিইসি বিএনপিকে ভয় দেখাচ্ছেন। যাতে বিএনপি শেখ হাসিনার অধীনে একতরফা বাকশালী নির্বাচনে অংশগ্রহণ নেয়। তার কথা শুনে মনে হয়, পাতানো নির্বাচনের ব্যবস্থা করতেই তিনি সর্বশক্তি নিয়োগ করছেন। বিএনপির নিবন্ধণ ঝুঁকিতে পড়লে সরকারের সঙ্গে সঙ্গে ইসিরও পতন ঘটবে।#
পার্সটুডে/ শামস মন্ডল/ বাবুল আখতার/২৮
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন