২৩ ডিসেম্বর বাংলাদেশে সংসদ নির্বাচন: সবার অংশগ্রহণ নিয়ে শঙ্কা কাটেনি বললেন বিশেষজ্ঞরা
বাংলাদেশে আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির কাজ গুছিয়ে আনছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর, ৩০০ সংসদীয় আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে সংস্থাটি।
৬৪ জেলায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জন্য থাকবেন বিভাগীয় কমিশনার। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও) সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। কোন কোন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা সংশ্লিষ্ট জেলা-উপজেলায় পাঠানো হয়েছে।
এদিকে, কোনো রাজনৈতিক দল জোটগতভাবে প্রার্থী দিলে তা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে আমরা চিঠি দিচ্ছি। যারা জোটবদ্ধভাবে নির্বাচন করতে চান, তাদের তিন দিনের মধ্যে জানাতে হবে, কোন্ জোটে গিয়ে নির্বাচন করবেন। এ সময়, প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী বা রাজনৈতিক দল প্রচারণা চালাতে পারবে না বলেও জানান তিনি। আজ (শুক্রবার) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব সাংবাদিকদের এসব কথা জানান।
আগামী নির্বাচন প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, সরকারের সঙ্গে সংলাপে, বিরোধীপক্ষের কোনো দাবিই আসলে মেনে নেয়া হয়নি। আর দাবি কতটা মানা হবে কি হবে না, সেটা রাজনৈতিক দলগুলোর হিসেবে থাকে। তফসিল ঘোষণা হয়েছে, এখন নির্বাচনে বিএনপিসহ ঐক্যফ্রন্ট যাবে কিনা, এখনও বলেনি। তারা নির্বাচনে এলে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কোন প্রশ্ন থাকবে না। তাই সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে বলেই মনে করেন তিনি।
নির্বাচন বিশেষজ্ঞ ড. নাজমুল আহসান কলিমউল্লাহ জানান, নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করতেই হতো, তাই আগে করায় ভাল হয়েছে। তবে, নির্বাচন অংশগ্রহণমূলক করতে তফসিল পেছাতেও তারা পারে। এটা তাদের সার্বভৌম অধিকার। এখন যদিও কমিশন আন্তরিকভাবে সেটা চায়, তাহলে একটা সুরাহা হতে পারে।
ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের এ দিন ঘোষণা করেন।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সংবিধান অনুযায়ী ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন