সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে, কেউ যেন বঞ্চিত না হন: সিইসি
https://parstoday.ir/bn/news/bangladesh-i65796-সব_প্রার্থীকে_সমান_সুযোগ_দিতে_হবে_কেউ_যেন_বঞ্চিত_না_হন_সিইসি
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন পরিচালনা করতে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। কেউ যেন বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে কেও যেন অতিরিক্ত সুযোগ না পায়, আচরণবিধি ভঙ্গ করে কেউ যেন পার পেয়ে না যায়, সে দিকেও নজর দিতে তাগিদ দিয়েছেন তিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৪, ২০১৮ ০৯:৫৮ Asia/Dhaka
  • সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে, কেউ যেন বঞ্চিত না হন: সিইসি

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন পরিচালনা করতে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনে সব প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে। কেউ যেন বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে কেও যেন অতিরিক্ত সুযোগ না পায়, আচরণবিধি ভঙ্গ করে কেউ যেন পার পেয়ে না যায়, সে দিকেও নজর দিতে তাগিদ দিয়েছেন তিনি।

আজ (বুধবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনের সময় তিনি এসব মন্তব্য করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, “যে যে অবস্থানে থাকুক না কেন, অত্যন্ত নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সকল প্রার্থীকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। সকল প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে। আইনগতভাবে যেন কেউ কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, কেউ যেন অতিরিক্ত সুযোগ সুবিধা না পায়- সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে।”

প্রার্থীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সিইসি বলেন, “আইনের মাধ্যমে প্রার্থীরা কী কী সুযোগ-সুবিধা পেতে পারেন, তা তাদের বোঝাতে হবে। তাদের সহযোগিতা নিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে। অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে।”

কেউ যেন আচরণবিধি ভঙ্গ না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে নুরুল হুদা বলেন, “নির্বাচন পরিচালনার কেন্দ্রে আপনারা অবস্থান করবেন, তাই আপনাদের দায়িত্ব অনেক বেশি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আপনাদের।”

তিনি বলেন, “পরিপত্র, আদেশ, চিঠি এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ওপর ভিত্তি করেই যেন নির্বাচন পরিচালিত হয়, সেটি আপনাদের আয়ত্ত করতে হবে।”

আজকের অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, “প্রাথমিক পর্যায়ে আমরা একটি লেভেল প্লেইং ফিল্ড করার ঘোষণা দিয়েছি, যেন আচরণবিধি পিরিপন্থি কোনো কাজ না হয়। ব্যানার-পোস্টারগুলো তুলে দেওয়ার জন্য আমরা বলেছি, আজকে শেষ দিন ছিল। আমরা আরও তিনদিন সময় বাড়াব। যারা নির্বাচন করবে তাদের ব্যানার পোস্টার লাগানোর জন্য তো জায়গা থাকতে হবে।”

তিনি বলেন, “কোনো উপজেলা থেকে কোনো কর্মকর্তাকে সরানো যাবে না, কেননা তারা পোলিং অফিসার হিসেবে নিযুক্ত হবেন।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক অনুষ্ঠানে বক্তব্য দেন।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪