আবারও ক্ষমতায় এলে চট্টগ্রাম ও রাজশাহীতে ট্যানারি শিল্প গড়ে তোলা হবে: হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i66031-আবারও_ক্ষমতায়_এলে_চট্টগ্রাম_ও_রাজশাহীতে_ট্যানারি_শিল্প_গড়ে_তোলা_হবে_হাসিনা
বাংলাদেশের চামড়া শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে এবং দেশে বাজার বাড়াতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে পণ্য তৈরি করতে হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
নভেম্বর ২২, ২০১৮ ১৫:৪৫ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

বাংলাদেশের চামড়া শিল্পের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে এবং দেশে বাজার বাড়াতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে পণ্য তৈরি করতে হবে।

আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়ার এন্ড লেদার গুডস্ ইন্টারন্যাশনাল সোর্সিং শো-ব্লিস এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এ দেশটা সুন্দর এবং এখানকার মানুষ সুন্দর কাজ করতে পারে। এদেশের মানুষ যেকোনো কাজে খুব ভালো ফিনিশিং দিতে পারে। তাই আমরা চাই আমাদের দেশে আরো বেশি শিল্প গড়ে উঠুক।

চামড়া শিল্পের সম্ভাবনা ও প্রসারতার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, এখন বিদেশি বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশেই তৈরি হয়। সেটা আবার তারা তাদের দেশে গিয়ে ফিনিশিং করে মার্কেটে দিচ্ছে। কাজেই আমরা যাতে এগুলো আরও সুন্দরভাবে করতে পারি, সেদিকে দৃষ্টি দেবেন। এরজন্য যা কিছু সহযোগিতা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তা করব।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশে আমাদের রাষ্ট্রওদূতগণ যারা আছেন তাদেরও দায়িত্ব সে দেশে কোন কোন পণ্য চাহিদা রয়েছে তা খুঁজে বের করা। এ খবরটি জানা গেলে ব্যবসায়ী এবং সরকার মিলে পদক্ষেপ নেবে।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, রফতানি বাড়াতে হলে কোন দেশে কী চাহিদা রয়েছে তা খুঁজে বের করতে হবে। তাহলে ব্যবসায়ীদের  সাথে সাথে বাংলাদেশও লাভবান হবে। দেশে কর্মসংস্থান বাড়বে।  

চামড়া শিল্প বিরাট সম্ভাবনাময় একটি শিল্প উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে এগিয়ে হবে, এ শিল্পে যুব সমাজকে ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাদেরকে কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন,  চামড়া  শিল্প বিকাশের জন্য আমরা সাভারে ট্যানারি শিল্প নগরী গড়ে তুলেছি। সেখানে এখন প্রায় ১১৫টি ট্যানারি শিল্প কাজ করছে।

এ সময় সরকার প্রধান বলেন, আবারও যদি ক্ষমতায় আসতে পারি তাহলে চট্টগ্রাম এবং রাজশাহীতে আরও দুটি ট্যানারি শিল্প গড়ে তুলব।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২