বাংলাদেশের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন গ্রেফতার
https://parstoday.ir/bn/news/bangladesh-i66042-বাংলাদেশের_সাবেক_শিক্ষা_প্রতিমন্ত্রী_এহসানুল_হক_মিলন_গ্রেফতার
বাংলাদেশের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনকে গ্রেফতার করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। আজ (শুক্রবার) ভোরে চট্টগ্রামের চকবাজার থানার ৪৫২ চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামের বাসা থেকে মিলনকে গ্রেফতার করা হয়। চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা ডিবির ওসি মামুন গ্রেফতারে নেতৃত্ব দেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৩, ২০১৮ ০৮:৪০ Asia/Dhaka
  • আ ন ম এহসানুল হক মিলন (ফাইল ফটো)
    আ ন ম এহসানুল হক মিলন (ফাইল ফটো)

বাংলাদেশের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনকে গ্রেফতার করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। আজ (শুক্রবার) ভোরে চট্টগ্রামের চকবাজার থানার ৪৫২ চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামের বাসা থেকে মিলনকে গ্রেফতার করা হয়। চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা ডিবির ওসি মামুন গ্রেফতারে নেতৃত্ব দেন।

মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী এ বিষয়ে বলেন, ‘গ্রেফতারের সময় আমি দেখেছি চাঁদপুরের ডিবি পুলিশের মামুন ও অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন। তখন রাত সাড়ে ৪টা। তাকে চট্টগ্রামের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়, সম্ভবত এখন মিলন চাঁদপুর এসপি কার্যালয়ে আছেন।’

মিলনকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির বলেন, এহসানুল হক মিলনের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে একটি জিআর মামলায় হাজির হওয়ার কথা থাকলেও হাজির হননি তিনি।

মিলনকে গ্রেফতারের জন্য গত ছয়দিন ধরে চাঁদপুরের আদালত চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। গতকাল সকাল থেকেও চাঁদপুর সদর পুলিশ সুপার (সার্কেল) জাহেদ পারভেজের নেতৃত্বে পুলিশ ও ডিবি পুলিশের কয়েকটি দল জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ আদালতের প্রত্যেকটি প্রবেশ মুখ ঘিরে রাখে।

মিলনের আইনজীবী কামরুল ইসলাম বলেন, এভাবে আদালতের চতুর দিকে পুলিশ প্রহরা থাকলে মিলন কেন, কোনো আসামিই আদালতে ভয়ে ঢুকতে পারবেন না।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিদেশে যাওয়ার আগে সব মামলায় জামিনে ছিলেন মিলন। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকার কারণে এসব মামলায় হাজিরা দিতে পারেননি। এ জন্য ২৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এদিকে আদালতে হাজিরার সময় নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছেন আ ন ম এহসানুল হক মিলন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর একটি চিঠিতে তিনি এ আবেদন জানান। গত রোববার বিকেলে আত্মগোপনে থাকা মিলনের স্বাক্ষরিত চিঠিটি ইসিতে নিয়ে যান তার স্ত্রী নাজমুন নাহার বেবী।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন আ ন ম এহসানুল হক মিলন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন