বুড়িগঙ্গায় বিএনপি নেতার লাশ, তদন্তের নির্দেশ দিলেন সিইসি
-
সিইসি কেএম নূরুল হুদা (ফাইল ফটো)
আসন্ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী যশোর বিএনপি নেতা আবু বকর আবুর লাশ ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধারের বিষয়ে পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
আজ (শুক্রবার) একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মঙ্গলবার বিকেলে বুড়িগঙ্গা নদীর ফরিদাবাদ ডকইয়ার্ড বরাবর নদী থেকে ভাসমান অবস্থায় আবু বকরের লাশটি উদ্ধার করা হয়। বুধবার রাতে তার স্বজনরা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘটনার আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করে বলেন, “আবু বকর আবুর মতো জনপ্রিয় জনপ্রতিনিধিকে হোটেল থেকে তুলে নেওয়া হলো, আর গায়েব করে হত্যা করার মাধ্যমে তার লাশ বুড়িগঙ্গায় ফেলা দেওয়া হলো। বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এজেন্সির মাধ্যমে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।”
বিএনপি নেতা আবু পুলিশ হেফাজতে ছিলেন, তাকে অাটক করা হয়েছিল বিষয়টি নজরে অানলে সিইসি বলেন, তিনি পুলিশ হেফাজতে ছিলেন? অামরা পুলিশকে এ বিষয়ে নির্দেশনা দেব। যাতে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে তাদের অাইনের অাওতায় অানা হয়।
‘নির্বাচনে ইভিএম ব্যবহারে কোনো আইনগত বাধা নেই’
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার প্রসঙ্গে কে এম নূরুল হুদা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কতো ইভিএম ব্যবহার হবে সে বিষয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত হবে। ইভিএম একটি নতুন উদ্যোগ। ব্যালটে ভোট দেওয়ার যে ঝামেলা সেটি দূর করতে হবে। ইভিএম সেটা করতে পারে। ইতোপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে এটি ব্যবহার করা হয়েছে। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে কোনো আইনগত বাধা নেই। সেটা আমরা ব্যবহার করব।
প্রশিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার সময় সতর্ক থাকতে হবে। কারণ তারা রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা থাকেন মাঠে, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। তারা প্রশ্ন করবে, জানতে চাইবে সেটি তাদের বুঝাবেন। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তাদের সমস্যাগুলো বুঝতে হবে। তাদের সমস্যাগুলো দেখতে হবে। আগে এটি ছিল না এখন সেটা করতে হবে। তাদের প্রশ্ন শুনে ধৈর্য ধরে উত্তর দিতে হবে।
প্রশিক্ষকদের উদ্দেশে সিইসি আরও বলেন, ৩০ ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের ব্যাপক প্রস্তুতি। দিনটি এতোই গুরুত্বপূর্ণ দিন, যে দিনে জনগণ তাদের প্রতিনিধিকে নির্বাচন করবে। নিরপেক্ষতা, কারিগরি দক্ষতা, নির্বাচন পরিচালনায় আইনবিধি জানা দরকার। আপনারা নির্বাচন কিভাবে পরিচালনা করবেন, সেটা জানলেও সহকারী প্রিজাইডিং অফিসারদের জানার কথা নয়। বারবার বিভিন্ন পর্যায়ে এই ট্রেনিং দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ। আপনারা তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দেবেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন