খালেদা জিয়ার জামিন বহাল: রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করার নির্দেশ
-
বেগম খালেদা জিয়া
বাংলাদেশের কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিল নাকচ করে জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।
আজ (বৃহস্পতিবার) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে নিয়মিত আপিল করার ব্যাপারেও নির্দেশ দেয় আদালত।
বিশেষ ক্ষমতা আইনে করা এ মামলায় আজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ ১৩ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলেছে।
এসময় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, চেম্বার আদালত হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত না করে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছিল। আজ রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করবে বলে এক সপ্তাহের সময় চেয়েছে। আপিল বিভাগ তা মঞ্জুর করেছে।
গত ২৮ নভেম্বর এ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ তা নাকচ করল আপিল বিভাগ।
এর গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া।
২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় পরদিন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে এ মামলা করেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৭
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন