অবকাঠামোগত উন্নয়নে সরকার ব্যাপক কাজ করেছে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i66371-অবকাঠামোগত_উন্নয়নে_সরকার_ব্যাপক_কাজ_করেছে_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। যে কাজগুলো আমরা করেছি, যেন সেসব উন্নয়নকাজের ধারাবাহিকতা থাকে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ০৬, ২০১৮ ১২:২০ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। যে কাজগুলো আমরা করেছি, যেন সেসব উন্নয়নকাজের ধারাবাহিকতা থাকে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি বলেন, রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত উন্নয়নে তার সরকার ব্যাপক কাজ করেছে। এ সময় তিনি ২০২১, ২০৪১, ২০৭১ ও ২১০০ সাল টার্গেট করে সরকারের নানামুখী কার্যক্রমের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, আমার বয়স এখন ৭২ বছর। ২০৪১ সাল পর্যন্ততো বাঁচব না। তবে সে পর্যন্ত দেশকে এগিয়ে নেয়ার জন্য যে নেতৃত্ব, তারা এখানেই প্রস্তুত। 

শেখ হাসিনা বলেন, আমরা দেশে দারিদ্র্যের হার ২১ শতাংশে নামিয়ে এনেছি। ২০০৯ সালে ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দিয়ে সরকারের কার্যক্রম শুরু করেছিলাম। এখন আমরা ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। দেশের ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, প্রতি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বালব। 

২০০১ সালে তার হাত ধরেই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিলো উল্লেখ করে তিনি গনতান্ত্রিক ধারা বজায় রেখে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে তার নেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন।

বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নবীন কর্মকর্তাদের দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত করতে আহ্বান জানান।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৬