নাশকতাকারীদের ট্রেনিং সেন্টার তো আওয়ামী লীগেই বিদ্যমান: রিজভী
-
রুহুল কবির রিজভী
বাংলাদেশের আসন্ন নির্বাচনে পরাজয় বুঝতে পেরে বিএনপি ভোটের আগে নাশকতা করতে পারে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, পাবনা ও পঞ্চগড়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় শেখ হাসিনা বলেন, “বিএনপি ইতোমধ্যেই আসন্ন নির্বাচনে তাদের পরাজয় বুঝতে পেরেছে। ফলে, তারা যে কোন দুর্ঘটনা ঘটাতে অথবা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালাতে পারে।”
তাঁর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ (শুক্রবার) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রধানমন্ত্রী আবারও বলেছেন—পরাজয় বুঝতে পেরে নাশকতার পরিকল্পনায় বিএনপি। প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি প্রশ্ন করতে চাই—বিএনপি মহাসচিবের গাড়ি বহরে হামলা করেছে কে? গয়েশ্বর চন্দ্র রায়কে আঘাত করে রক্তাক্ত করেছে কে? ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও রোমানা মাহমুদকে গুলি করেছে কে? হাবিবুর রহমান হাবিবকে হত্যা করতে তার শরীরে ছুরি ঢুকিয়েছে কে? মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, ড. মঈন খান, মওদুদ আহমদ, মেজর হাফিজ ও হাসিনা আহমেদের মিছিলে হামলা করেছে কে? শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ওপর হামলা চালিয়েছে কে?”
প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী আরও বলেন, “আপনি বলছেন—বিএনপি নাশকতা করছে। নাশকতাকারীদের ট্রেনিং সেন্টার তো আওয়ামী লীগেই বিদ্যমান। সন্ত্রাসের অভয়ারণ্য আওয়ামী লীগ ও তার সরকার। তারপরও আপনাদের সাধু বলতে হবে?”
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব জানান, “গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১০ হাজার ৩২৯ জন নেতাকর্মীকে। এ সময়ে গায়েবি ও মিথ্যা মামলার সংখ্যা ৮৪৪টি। ২ হাজার ৮৯৬টি হামলার ঘটনায় আহত হয়েছেন ১৩ হাজার ২৫২ নেতাকর্মী আর মারা গেছেন ৯ জন। বৃহস্পতিবার বিভিন্ন জেলায় বানোয়াট মামলা দায়ের হয়েছে ৩৮টি, গ্রেফতার করা হয়েছে ১ হাজার ১২৭ জন নেতাকর্মীকে, হত্যা করা হয়েছে ১ জনকে।”
বিএনপির এই নেতা আরো বলেন, “নির্বাচনে নদীসহ চর দখল করবে বলেই জাতীয়তাবাদী শক্তির নেত্রী খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে। এই পরিকল্পনা বর্তমান শাসকগোষ্ঠীর শুরু করেছে অনেক দিন আগেই। সেজন্য বানোয়াট মামলা সাজিয়ে নির্বাচনের প্রায় বছরখানেক আগেই সাজা দিয়ে দেশনেত্রীকে বন্দি করা হয়েছে।”
নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থী, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান রিজভী।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন