নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: ওবায়দুল কাদের
-
ওবায়দুল কাদের
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (শুক্রবার) সকালে ফেনী মাইজদির আঞ্চলিক মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে, তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
দুর্নীতি ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ভোট বিপ্লব হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পর নির্বাচনের এমন গণজোয়ার এর আগে আর কখনো দেখা যায়নি। এবারের নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন হবে বলে আমার বিশ্বাস।
সন্ত্রাস-দুর্নীতি ও অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশকে গড়ে তুলতে মহাজোটের বিকল্প নেই দাবি করে তিনি বলেন, এ নির্বাচনে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ভোটে জবাব দেবে জনগণ। জনগণের দেয়া ভোটে আওয়ামী লীগ বিপুল ভোটে আবারও বিজয়ী হবে। যারা সন্ত্রাস-দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় তাদের ভোট দেবে না দেশের মানুষ।
উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে মহাজোট কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হোক, এমনটা চায় না। কিন্তু ভোটকেন্দ্র পাহারার নামে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, তাহলে তা কঠোর হাতে মোকাবেলা করা হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হোক। আর কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নিয়েছে।
পরিদর্শনকালে ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/শামস মন্ডল/মো.আবুসাঈদ/২৮