চলছে ভোটের ক্ষণ গণনা; নির্বাচন সুষ্ঠু হবে আশা বিভিন্ন মহলের
বাংলাদেশের আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষে এখন চলছে ভোটের ক্ষণ গণনা। এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করে এনেছে নির্বাচন কমিশন।
প্রস্তুত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃংখলাবাহিনীসহ সংশ্লিষ্ট সবাই। প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ বাদে অন্য ২৯৯টি আসনে পছন্দের প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা।
যদিও নির্বাচনের পরিবেশ নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলোর। সরকারি দল ও প্রশাসনের পক্ষ থেকে প্রার্থী ও কর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির অভিযোগের পরও এখনো মাঠে আছে তারা। তবে, প্রচার প্রচারণায় সব দিকেই এগিয়ে ছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী দু’পক্ষই।
এদিকে, নির্বাচন নিয়ে নিজেদের পর্যবেক্ষণ জানিয়েছে বিদেশি কূটনীতিকরাও। নির্বাচন কমিশন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন পক্ষের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন তারা। সবশেষ এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। আজ (শুক্রবার) সকাল ১১টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তোফায়েল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনে বাংলাদেশের মানুষ যেন নিজেদের ইচ্ছানুসারে যাকে খুশি তাকে ভোট দিতে পারে; প্রশাসনের কাছে এমন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তার দেশ। নির্বাচনের দিন এটাই দেখার বিষয় যে, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিতে পারছেন কি না।
তবে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রয়োজনীয় উপকরণ রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌছে দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যার মধ্যে তা পৌছে যাবে কেন্দ্রগুলোতে। ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন প্রায় সাত লাখ কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচ লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এরইমধ্যে সেনা ও নৌবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। ভোটার, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা তার।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫০ জনের মতো স্বতন্ত্রসহ এক হাজার ৮শ’র বেশি প্রার্থী। এবার ৩০০ আসনে ভোটার ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার। নির্বাচনে ৪০ হাজার ১৮৩টি ভোটকেন্দ্র ও ২ লাখ ৬ হাজার ৪৭৭টি ভোটকক্ষ রয়েছে। তবে, এক প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনে ভোট স্থগিত করে পুনঃতফসিল দেয়া হয়েছে। ওই আসনে ভোটারের সংখ্যা চার লাখের বেশি। এছাড়া এবারই প্রথম ৬টি আসনে ইভিএম ব্যবহার করা হচ্ছে।#
পার্সটুডে/শামস মন্ডল/মো.আবুসাঈদ/২৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন