বলে দিলেই হয় উনারা সারাজীবন ক্ষমতায় থাকবেন: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i66945-বলে_দিলেই_হয়_উনারা_সারাজীবন_ক্ষমতায়_থাকবেন_মির্জা_ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইতোমধ্যে এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। ফল কী হবে, সেটা বোঝাই যায়। তারপরও জনগণের ওপর আস্থা আছে। তারা ভোট দিতে আসবেন, একটা পরিবর্তন হবে।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৮ ২০:০৮ Asia/Dhaka
  • বলে দিলেই হয় উনারা সারাজীবন ক্ষমতায় থাকবেন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইতোমধ্যে এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। ফল কী হবে, সেটা বোঝাই যায়। তারপরও জনগণের ওপর আস্থা আছে। তারা ভোট দিতে আসবেন, একটা পরিবর্তন হবে।’

আজ (শনিবার) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আজকে নির্বাচনের আগের দিন। আগামীকাল (রোববার) সকাল ৮টায় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হবে। আজকেও আমার নির্বাচনী আসনে অন্তত ৭০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ চিত্র শুধু ঠাকুরগাঁওয়ের নয়, সারাদেশে প্রায় একই রকম। এ পরিস্থিতিতে ‘লেভেল প্লেইং ফিল্ড’ রয়েছে বলে যে কথাটা নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এটার অস্তিত্ব একেবারেই নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বলতে চাই নির্বাচনের নামে প্রহসন করে লাভ কী। জনগণকে কষ্ট দিয়ে লাভ কী। রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের হয়রানি করার অর্থ হয় না। বলে দিলেই হয় উনারা সারাজীবন ক্ষমতায় থাকবেন। রাজতন্ত্র প্রতিষ্ঠা করবেন। গণতন্ত্র যদি না থাকে এভাবে একটা দেশ চলতে পারে না। মানুষের ন্যূনতম অধিকারগুলো যদি না থাকে তবে গণতন্ত্র চলতে পারে না।’

মির্জা ফখরুল অভিযোগ করেন, ভোট শুরু হওয়ার আগেই আলাদা ব্যালট বাক্স রাখা হবে। সেখানে সিল মারা ব্যালট বোঝাই থাকবে। গণনা করার আগেই তা মিশিয়ে গণনা করা হবে। এই ধরনের নির্বাচন কেন? এসব নাটকের কোনও প্রয়োজন নেই।

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন যেদিকে যাচ্ছে অর্থহীন হয়ে পড়ছে। তারপরও আমরা আশা করি, জনগণ যদি ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে ফলাফল ঐক্যফ্রন্টের দিকে আসবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ অন্যান্য নেতারা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন