সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে- সিইসি : বিএনপির এজেন্ট পাননি দুই কমিশনার
-
কেএম নূরুল হুদা
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা আমিও শুনেছি। তবে নির্বাচন শেষ হলে বলা যাবে অংশগ্রহণমূলক হয়েছে কিনা।
আজ (রোববার) সকাল ১১টার দিকে উত্তরা ৫নং সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রযোগ করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভোট শুরুর আগে চট্টগ্রামমহ দেশের বিভিন্নস্থানে সহিংসতার বিষয়ে প্রশ্ন সিইসি কেএম নুরুল হুদা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া আছে। তারা কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করবে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে তাহলে ওই সব কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে বলা আছে। পরে এসব কেন্দ্রে আবার ভোট হবে। ঢাকায় বসে তো আর পুরো দেশ নিয়ন্ত্রণ করা যাবে না।
উত্তরায় সিইসির ভোটকেন্দ্র আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট না থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে বিএনপির এজেন্ট আছে কিনা তা জিজ্ঞেস করে দেখিনি। যদি তারা না আসে সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই।’
কেমন ভোট হচ্ছে তা বিবেককেই জিজ্ঞাসা করুন- মাহবুব
এর আগে সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর মগবাজারস্থ ইস্পাহানি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের জানান, নিজ ভোট কেন্দ্রেই বিরোধীপক্ষের কোনো পোলিং এজেন্ট দেখতে পাননি তিনি।
মাহবুব তালুকদার বলেন, কেমন ভোট হচ্ছে তা আপনাদের বিবেককেই জিজ্ঞাসা করুন। সকাল থেকেই টেলিফোনে আমি অসংখ্য অভিযোগ পেয়েছি।
অভিযোগ নিয়ে কিছু করার আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, কমিশনার হিসাবে আমার একক কোনো রেসপনসিবিলিটি আছে বলে মনে করি না।
এ সময় তিনি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, আমি আগেও বলেছি, আপনারা আপনাদের নিজেদের বিবেককে জিজ্ঞাসা করুন কেমন ভোট হচ্ছে? আপনাদের বিবেককে জিজ্ঞাসা করলেই সে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
পকেট থেকে একটি চিরকুট বের করে লিখিত বক্তব্যে মাহবুব তালুকদার বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা। এ নির্বাচন অবশ্যই হতে হবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য। তাই আইনানুগভাবে নির্বাচন সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন। কোনো ভয়ভীতি বা প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না। আপনার ইচ্ছা অনুযায়ী প্রার্থীকে ভোট দিন। আপনার একটি ভোট গণতন্ত্রের রক্ষাকবচ।”
দুই কেন্দ্রে বিএনপির এজেন্টের দেখা পাননি ইসি রফিকুল
এদিকে, অপর নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি যে কেন্দ্রে ভোট দিয়েছেন সেই কেন্দ্র ছাড়াও আরেকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। এই দুই কেন্দ্রে তিনি কোনো বিএনপির এজেন্টের দেখা পাননি। তবে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তিনি তার সন্তুষ্টির কথাও জানিয়েছেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন