খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট জারি
https://parstoday.ir/bn/news/bangladesh-i67231-খালেদা_জিয়াকে_আদালতে_হাজির_করতে_প্রোডাকশন_ওয়ারেন্ট_জারি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে আদালত। আজ (বৃহস্পতিবার) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলদার এ ওয়ারেন্ট জারি করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১০, ২০১৯ ১৩:০০ Asia/Dhaka
  • বেগম খালেদা জিয়া
    বেগম খালেদা জিয়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে আদালত। আজ (বৃহস্পতিবার) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলদার এ ওয়ারেন্ট জারি করেন।

আজ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সময় আবেদনের বিরোধিতা করেন।

আদালত উভয়পক্ষের শুনানি শেষে মামলাটির চার্জ গঠনের জন্য ১৬ জানুয়ারি দিন ধার্য করেন। একইসাথে সেদিন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।

এ ছাড়া,  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত পতাকা অবমাননা ও ভুয়া জন্মদিন পালনের পৃথক দুই মামলায় চার্জ শুনানির জন্য আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার অপর একটি আদালত।

বুধবার এ দুই মামলায় চার্জ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন খালেদা জিয়া অন্য মামলায় কারাগারে রয়েছে জানিয়ে সময় আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিরোধী দলগুলোকে নির্মূল করতে সরকার মরিয়া: ফখরুল

এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, বিএনপিসহ বিরোধী দলগুলোকে নির্মূল করে একদলীয় দুঃশাসনকে দীর্ঘায়িত করতে আওয়ামী লীগ সরকার মরিয়া হয়ে উঠেছে।  

বিবৃতিতে দলের সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল উল্লেখ  করেন, সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন মামলায় ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বুধবার আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফখরুল মন্তব্য করেন, জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার তাদের একদলীয় দুঃশাসনকে দীর্ঘায়িত করতেই বিরোদী নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও ভিত্তিহীন মামলা দায়ের করে তাদের কারাগারে পুরে রাখছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন