খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ, নারায়ণগঞ্জে পুলিশের বাধা
https://parstoday.ir/bn/news/bangladesh-i67987-খালেদা_জিয়ার_মুক্তির_দাবিতে_সারাদেশে_বিক্ষোভ_নারায়ণগঞ্জে_পুলিশের_বাধা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটির স্থানীয় শাখাগুলো। তবে কোথাও কোথাও পুলিশের বাধার কারণে কর্মসূচি পালন করতে পারেনি তারা। এছাড়া, কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে দলটির নেতাকর্মীদের। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০১৯ ১৫:৪৫ Asia/Dhaka
  • নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা
    নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটির স্থানীয় শাখাগুলো। তবে কোথাও কোথাও পুলিশের বাধার কারণে কর্মসূচি পালন করতে পারেনি তারা। এছাড়া, কর্মসূচি পালন করতে গিয়ে গ্রেপ্তার হতে হয়েছে দলটির নেতাকর্মীদের। 

'সরকারের কাছে ন্যূনতম গণতান্ত্রিক অধিকারও আশা করা যায় না'

এ প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রেডিও তেহরানকে বলেন, একটি অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের কাছ থেকে ন্যূনতম গণতান্ত্রিক অধিকারও আশা করা যায় না। এ অবস্থার মধ্যে ধৈর্য সহকারে আমাদের নেতাকর্মীদের গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিতে যেতে হবে। এর কোনো বিকল্প নেই। একইসাথে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক অধিকার আদায় করার জন্য তাদেরকেও আন্দোলনে এগিয়ে আসতে হবে।

নজরুল ইসলাম খান

বরিশালে ছাত্রদল নেত্রী গ্রেফতার

এদিকে, বরিশাল থেকে প্রাপ্ত খবরে জানা যায়, আজ বেলা ১১টায় বরিশাল বিভাগীয় শহরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে  বিএনপি। কর্মসূচি শেষ করে ফেরার পথে কেন্দ্রীয় ছাত্রদলসহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর সিনিয়র ছাত্রদল সহ-সভাপতি আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, ২০১৭ সালের ৩১ জানুয়ারি ঢাকার শাহবাগ থানায় দায়েরকৃত একটি মামলায় নাসরিনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বরিশাল মহানগর বিএনপি সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, একাদশ জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছে তা পুরোটাই ছিল প্রহসনমূলক। এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার বেশি দিন টিকতে পারবে না। শিগিরই মধ্যবর্তী নির্বাচন হবে দেশে।

আফরোজা খানম নাসরিন

নারায়ণগঞ্জে পুলিশের বাধা

ওদিকে, কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি নারায়ণগঞ্জ মহানগর নেতাকর্মীরা। শনিবার দুপুরে মহানগর বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করতে আসে। এসময় পুলিশের বাধার মুখে কর্মসূচি পালন না করেই ফিরে যেতে হয় তাদের।

পুলিশের কড়া নিরাপত্তায় দলীয় কার্যালয়ের ভেতরে সমাবেশ করে রংপুর বিএনপি। এতে বক্তারা বলেন, রাজনৈতিক হীন উদ্দেশে বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রাখা হয়েছে।

টাঙ্গাইলে পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল

টাঙ্গাইল জেলা বিএনপি পুলিশি বাধা উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ করে। ভিক্টোরিয়া রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ।

গাইবান্ধায় সমাবেশে বিএনপি নেতারা বলেন, পুলিশের গুলি এবং জেলের ভয় দেখিয়ে নেতা-কর্মীদের আর বেশীদিন দমিয়ে রাখা যাবে না। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন