গণতন্ত্র হত্যা করা হয়েছে- মোশাররফ : গণঅভ্যুত্থানের আহ্বান দুদুর
https://parstoday.ir/bn/news/bangladesh-i68335-গণতন্ত্র_হত্যা_করা_হয়েছে_মোশাররফ_গণঅভ্যুত্থানের_আহ্বান_দুদুর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দলের নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে যেখানে দুর্বলতা আছে তা খুঁজে বের করে দলকে শক্তিশালী করা হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ১৬:১৪ Asia/Dhaka
  • গণতন্ত্র হত্যা করা হয়েছে- মোশাররফ : গণঅভ্যুত্থানের আহ্বান দুদুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দলের নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে যেখানে দুর্বলতা আছে তা খুঁজে বের করে দলকে শক্তিশালী করা হবে।

আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার রচিত দুটি বইয়ের প্রকাশনা-পাঠ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে সত্য পরাজিত, মিথ্যা প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মা খালেদা জিয়া আজ কারাগারে বন্দি। দলকে শক্তিশালী করে তার মুক্তির জন্য আন্দোলনে নেমে পড়তে হবে। হতাশ না হয়ে জেগে উঠুন।’

প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যা করা হয়েছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এই অবস্থায় দেশের মানুষ বসে থাকবে, তা বিশ্বাস করি না। অনেকে বলেন, বিএনপি পরাজিত, নেতাকর্মীরা হতাশ। এটা সত্য নয়। আমি বলব, বিএনপি পরাজিত নয়। ২৯ ডিসেম্বরের ভোট ডাকাতি ও ৩০ ডিসেম্বরের প্রহসন দেখে নেতাকর্মীরা হতভম্ব। এই সরকার স্বৈরাচারী। আর কোনও স্বৈরাচার বেশি দিন টিকে থাকতে পারেনি। ভোট ডাকাতি করে টিকে থাকা যাবে না। মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ও খালেদা জিয়াকে মুক্ত করবে।’

অনুষ্ঠানে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আজ আমরা নিজেরাই নিজেদের চিনতে পারছি না। নিজ দলের অনেকেই অপরিচিত মানুষের মতো আচরণ করেন, তখন খুব খারাপ লাগে।’

গণমাধ্যমকে উদ্দেশ করে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে, সে বিষয়ে ‌মি‌ডিয়া‌তে আলোচনা সেভাবে নেই। আলোচনা শুধু জামায়াতকে নিয়ে। একটা সরকারি খেলা শুরু হয়েছে।  জামায়াত তো কোনও সমস্যা না। জামায়াত যদি রাজনীতিতে ভুল করে, তারা সেটা সংশোধন করবে।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘নির্বাচন শেষ হয়ে গেছে এটা মাথায় রেখে রাস্তায় নেমে এর পরিবর্তন আনতে হবে। বন্দুক দিয়ে নয়, জনসমর্থন দি‌য়ে এরশাদকে বাড়ি ফিরিয়েছি, আইয়ুব খানকে বাড়ি ফিরিয়েছি, তৃতীয় আইয়ুব খান হচ্ছে শেখ হাসিনা। শুনতে খারাপ লাগছে কিন্তু তিনি এমন ক্ষমতাধর ব্যক্তি, তাকে নির্বাচন দিয়ে সরানোর কোনও রাস্তা নেই। সে জন্য আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থান করি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—বিএনপি’র ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, তৈমুর আলম খন্দকার, কবি আবদুল হাই শিকদার, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন