খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করবেন না: বিএনপিকে কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i68458-খালেদা_জিয়ার_অসুস্থতা_নিয়ে_রাজনীতি_করবেন_না_বিএনপিকে_কাদের
বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ অন্যদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ১৩:১৬ Asia/Dhaka
  • সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
    সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে দলটির মহাসচিব মির্জা ফখরুলসহ অন্যদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা-কাঁচপুর সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকার অমানবিক নয়। সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তবে বিএনপি বেগম জিয়ার অসুস্থতার চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তার অসুস্থতা নিয়ে এখন তারা রাজনীতি করার পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী ।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন দ্বিতীয় কাঁচপুর সেতু, দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতুটি উদ্বোধন করা হবে। তিনি জানান, আগামী ১০ মার্চ কাঁচপুরের সেতুটি প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। মেঘনা সেতু ও গোমতী সেতু পর্যায়ক্রমে এপ্রিল ও মে মাসের মধ্যেই কাজ শেষ করে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই তিনটি সেতু চালু হলে ঢাকা-চট্ট্রগাম মহাসড়কে ঈদের সময়ে কোনো ধরনের যানজট সৃষ্টি হবে না এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারবে। কাউকে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না। #

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৮