গণফোরামের দুই সংসদ সদস্য শপথ নিলেও ঐক্যফ্রন্টের ক্ষতি হবে না: মোশাররফ
-
ড. খন্দকার মোশাররফ হোসেন
গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য শপথ নিলেও জাতীয় ঐক্যফ্রন্টের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, 'ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত ছিল ভোট ডাকাতির নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নেবেন না। এখন যদি গণফোরামের দু’জন শপথ নেয়, তাতে ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না। কারণ আমরা বৃহৎ লক্ষ্য নিয়ে ঐক্যফ্রন্ট করেছি।'
আজ (রোববার) দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খন্দকার মোশারফ হোসেন। এরআগে, বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এ দু’জনের সংসদে যাওয়ার বিষয়টি ব্যক্তিগত উল্লেখ করে ড. মোশাররফ বলেন, 'আমরা বড় একটা লক্ষ্য নিয়ে ঐক্যফ্রন্ট করেছি। বিএনপি ঐক্যফ্রন্টের প্রধান ও বৃহৎ দল। অতএব আমি বিশ্বাস করি, গণফোরামের কেউ যদি সংসদে যায়ও তাতে ঐক্যফ্রন্টের কোনো অসুবিধা হবে না। এ বিষয়ে গণফোরামই জানাবে।'
তিনি আরও বলেন, 'আজকে মুক্তিযুদ্ধের মূল চেতনা ভুলুণ্ঠিত, দেশে গণতন্ত্র নেই। মানুষের ভোটের অধিকার নেই। জনগণের জানমালের নিরাপত্তা নেই। এমন অবস্থায় দেশ চলছে। একাদশ জাতীয় নির্বাচনের নামে প্রহসন হয়েছে। ৩০ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা থাকলেও ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি হয়ে গেছে।'
ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, 'ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে যায়নি। তার মাধ্যমে প্রমাণিত যে, জনগণ এ সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করছে। এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো রকমের সুষ্ঠু নির্বাচন হয় না, সেটা জনগণ বুঝতে পেরে, প্রতিবাদ হিসেবে সিটি নির্বাচনে অংশগ্রহণ করেনি।'
এ সময়, বিএনপি চেয়ারপার্সনের মুক্তি দাবি করে তিনি বলেন, 'গণতন্ত্রের মা' খালেদা জিয়াকে সরকার এতই ভয় পায় যে, মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। গণতন্ত্রের মা কারাগারে সেজন্য দেশে গণতন্ত্র নেই। আজকে বিএনপি, কৃষকদলের ওপরে দায়িত্ব পড়েছে গণতন্ত্র পুনরুদ্ধার করা। আর গণতন্ত্রকে মুক্ত করতে হলে, গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
এ সময়, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, কৃষক দলের নবনির্বাচিত আহ্বায়ক শামসুজ্জামান দুদু, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, তকদির হোসেন মোহাম্মদ জসিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩