ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
-
মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির শীর্ষ নেতারা
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আবদুল মঈন খান।
আজ (রোববার) রাত পৌনে দশটার দিকে বিএনপির এই নেতারা হাসপাতালে পৌঁছান।
গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চীকিৎসাধীন রয়েছেন ওবায়দুল কাদের।
এদিকে বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া আজ রাত সাড়ে নয়টার দিকে ওবায়দুল কাদেরের অবস্থা সম্পর্কে সাংবাদিকদের জানান, তাঁকে আপাতত সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তিন সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল এসেছে। তাদের সঙ্গে আমাদের মেডিকেল বোর্ড বসেছে, কথা হয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে আপাতত সিঙ্গাপুর পাঠানো হবে না। তিনি এখন দুপুরের চেয়ে অনেকটা ভালো আছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা কাল (সোমবার) সকাল পর্যন্ত তার অবস্থা দেখব, তারপর প্রয়োজন হলে সিঙ্গাপুর পাঠানো হবে।’
এদিকে, হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলী আহসান সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরের (স্বাস্থ্যের) উন্নতির ব্যাপারে আশাবাদী, কিন্তু তিনি এখনো শঙ্কামুক্ত নন। এটা সময়ের ব্যাপার।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন