পুরান ঢাকায় রাসায়নিক গোডাউন থাকবে না, শো রুম থাকতে পারে: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i68639-পুরান_ঢাকায়_রাসায়নিক_গোডাউন_থাকবে_না_শো_রুম_থাকতে_পারে_প্রধানমন্ত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর পুরান ঢাকায় রাসায়নিক পদার্থের কোনো গোডাউন থাকবে না, শো রুম থাকতে পারে। গোডাউনের জন্য আলাদা জায়গা করে দেয়া হবে। এক্ষেত্রে কোনো বাধা মানা হবে না।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ০৭, ২০১৯ ০৯:৪৯ Asia/Dhaka
  • ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর পুরান ঢাকায় রাসায়নিক পদার্থের কোনো গোডাউন থাকবে না, শো রুম থাকতে পারে। গোডাউনের জন্য আলাদা জায়গা করে দেয়া হবে। এক্ষেত্রে কোনো বাধা মানা হবে না।

আজ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এবং ডিএনসিসি ও ডিএসসিসির (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের) নির্বাচিত কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছু দিন আগে যে আগুনটা লাগল, এটা অত্যন্ত দুঃখজনক। এখানে এই ধরনের দাহ্য পর্দাথ থাকতে পারবে না। তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি। তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না। কিন্তু যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না। 

প্রধানমন্ত্রী বলেন, এখানে তারা তাদের শো রুম রাখতে পারবে। যে পণ্য উৎপাদন করে তা বিক্রি করতে পারবে। কিন্তু গুদামের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেবো। যেখানে দাহ্য পদার্থ থাকা নিরাপদ। 

শেখ হাসিনা বলেন, একবার নিমতলী হয়ে গেল, এখন এতোবড় ঘটনা। কতোগুলো মানুষের জীবন চলে গেল, কাজেই এখানে যে বাধাই আসুক, কোনো বাধাই আমরা মানব না। আমরা এটাকে (দাহ্য পদার্থের গুদাম) সরিয়ে নিয়ে যাব।

জনগণের প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে ভোট দিয়েছেন সেই বিশ্বাসের মর্যাদা আপনারা রাখবেন। সেটাই চাই।

অনুষ্ঠানে ডিএনসিসির নতুন মেয়র আতিকুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শপথ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এসএম গোলাম ফারুক।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন