সারা পৃথিবী এখন বাংলাদেশকে সম্মানের সাথে দেখে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i69123-সারা_পৃথিবী_এখন_বাংলাদেশকে_সম্মানের_সাথে_দেখে_শেখ_হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশ সারা পৃথিবীতে চিরকালের জন্য মাথা উঁচু করে দাঁড়াবে। আজ (সোমবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পদক- ২০১৯ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ  কথা বলেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ২৫, ২০১৯ ১৪:৩৪ Asia/Dhaka
  • বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশ সারা পৃথিবীতে চিরকালের জন্য মাথা উঁচু করে দাঁড়াবে। আজ (সোমবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা পদক- ২০১৯ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ  কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যেক গ্রাম ও ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দেয়া। প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন হবে; কেউ ক্ষুধার্ত, গৃহহীন থাকবে না ও চিকিৎসা বঞ্চিত রইবে না। প্রতিটি মানুষের জীবন অর্থপূর্ণ, সুন্দর ও উন্নত হবে। এটি আমাদের লক্ষ্য এবং তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ’

শেখ হাসিনা বলেন, সরকারের প্রচেষ্টা হচ্ছে সব মানুষ যেন স্বাধীনতার সুফল ভোগ করতে পারে। যেই স্বপ্ন দেখতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  

বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) প্ল্যাটফর্মের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করে শেখ মুজিবুর রহমান দেশকে উন্নয়ন-অগ্রগতির পথে নিতে চেয়েছিলেন বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই বাকশাল করেছিলেন বঙ্গবন্ধু। একটি প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে জাতীয় ঐক্য হবে। এই ঐক্যের মধ্যে দিয়ে সবাই দেশের উন্নয়নে কাজ করবে।   

শেখ হাসিনা বলেন, গত এক দশকের প্রচেষ্টায় দেশ এখন একটি গৌরবময় অবস্থানে দাঁড়িয়েছে, যেখানে জিডিপি ৮ শতাংশ এবং মাথাপিছু আয় ১৯০৯ ডলারে পৌঁছেছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, সারা পৃথিবী এখন বাংলাদেশকে সম্মানের সাথে দেখে।’   

প্রধানমন্ত্রী বলেন, ২৫ মার্চ রাত বাংলাদেশের মানুষের জন্য একটি অন্ধকার রাত। ১৯৭১ সালের এই রাতে পাক বাহিনী নিরীহ মানুষের ওপর নিষ্ঠুর ও বর্বর হত্যাযজ্ঞ চালায়। সরকার ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ গণহত্যা দিবস হিসেবে এই দিনটি পালন করছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), আ ক ম মোজাম্মেল হক, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ডা. কাজী মিসবাহুন নাহার, আব্দুল খালেক (মরণোত্তর) ও অধ্যাপক মোহাম্মদ খালেদকে (মরণোত্তর) এ পদক দেয়া হয়।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫