নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i69488-নুসরাতের_হত্যাকারীদের_বিরুদ্ধে_কঠোর_ব্যবস্থা_নিতে_প্রধানমন্ত্রীর_নির্দেশ
ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ১১, ২০১৯ ০৮:৪৮ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বার্তা সংস্থা বাসসকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নুসরাতের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, নুসরাতের মর্মান্তিক মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে নুসরাতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ হাইকোর্ট

নুসরাতের ঘটনার তদন্ত যেন তনুর মতো না হয়: হাইকোর্ট

এদিকে, বাংলাদেশ হাইকোর্ট বলেছে, ফেনীর নুসরাত জাহান রাফিকে আগুনে পোড়ানোর ঘটনার তদন্ত যেন কুমিল্লার তনুর মতো না হয়।

পত্রপত্রিকায় নুসরাতে মৃত্যুর খবর দেখে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বিষয়টি আদালতের নজরে আনলে হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ (বৃহস্পতিবার) এ মন্তব্য করেন

আদালত বলেছে, যেহেতু বিষয়টি প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে নিয়েছেন, আমরা এ বিষয়ে কোনো আদেশ দিতে চাই না। আমরা শুধু বলব, নুসরাতের ঘটনা তনু বা অন্যদের মতো যেন হারিয়ে না যায়। ঘটনার বিষয়ে তদন্ত কাজে যেন কোনো গাফিলতি না থাকে

হাসপাতালে নুসরাত

এদিকে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধন করেছে শিক্ষার্থীরা ।

গতকাল (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা যান নুসরাত। নুসরাতের অভিযোগ ফেনীর সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ২৭ মার্চ তাকে যৌন হয়রানি করেছে। গত ৬ এপ্রিল আলিম পরীক্ষা দেয়ার জন্য সে মাদ্রাসায় গেলে একদল মুখোশধারী লোক মাদ্রাসার ছাদে তাকে ডেকে নিয়ে হত্যার জন্য তার দেহে আগুন ধরিয়ে দেয়। 

উল্লেখ্য, কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী  সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত তিন বছরেও শেষ হয়নি। এমনকি এ মামলার আসামিও শনাক্ত হয়নি। তনুর পরিবারের অভিযোগ, গত এক বছর তদন্তকাজ স্থবির হয়ে আছে। তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের সঙ্গে মামলার বিষয়ে যোগাযোগ করছে না

২০১৬ সালের ২০শে মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকার পাওয়ার হাউসের অদূরে ঝোপ থেকে কলেজছাত্রী তনুর লাশ উদ্ধার করা হয়।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান১১