বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করতে শেখ হাসিনার আহ্বান
-
শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে পানির অপচয় রোধ, সঠিক ব্যবহার এবং নদী ও জলাধার সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন। আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'বিশ্ব পানি দিবস ২০১৯'- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব পরামর্শ দেন শেখ হাসিনা।
২২ মার্চ ছিল জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবস। তবে বাংলাদেশ সরকার দিবসটি ১১ এপ্রিল পালন করার সিদ্ধান্ত নেয়। এবারের বিশ্ব পানি দিবসটির প্রতিপাদ্য, ‘পানি সবার অধিকার, বাদ যাবে না কেউ আর'।
বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নদী, খাল, বিল, পুকুর, ডোবা খনন করে পানি ধরে রাখতে হবে। শুষ্ক মৌসুমে যেন আমরা এই পানি ব্যবহার করতে পারি। শুধু ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর না করে বৃষ্টি ও বন্যার পানি সংরক্ষণ করতে আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী নদীর ধারে স্থাপিত শিল্প-কারখানার বর্জ্য ফেলে পানি দুষিত না করা এবং নদীকে রক্ষা করে ব্রিজ বা অন্যান্য স্থাপনা নির্মাণের পরামর্শ দেন।
পানি অপচয় রোধে জনগণকে আরও সচেতন হবার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশে সুপেয় পানির খুব অভাব। বিশুদ্ধ পানির জন্য সেসব দেশে হাহাকার চলে। আমরা সেসব দেশে পানি বিক্রি করতে পারি।
তিনি জনগণের উদ্দেশে বলেন, সবাইকে বলব পানি, বিদ্যুৎ যেন হিসাব করে সবাই ব্যবহার করেন। তাহলে বিলও কম উঠবে। আপনাদের টাকা সাশ্রয় হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ও বিশেষ অতিথির বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১