ছয় দফা দিবস পালন: বঙ্গবন্ধু ও হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i71022-ছয়_দফা_দিবস_পালন_বঙ্গবন্ধু_ও_হাসিনার_নেতৃত্বের_প্রশংসা_করলেন_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লিগের ছয় দফা দিবস পালন উপলক্ষে  দলের  সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, যারা স্বাধীনতার মাইল ফলক ৭ জুনকে অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিশ্বাস করে না ।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
জুন ০৭, ২০১৯ ১৩:৩৫ Asia/Dhaka
  •  ছয় দফা দিবস পালন: বঙ্গবন্ধু ও  হাসিনার নেতৃত্বের প্রশংসা করলেন কাদের

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লিগের ছয় দফা দিবস পালন উপলক্ষে  দলের  সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, যারা স্বাধীনতার মাইল ফলক ৭ জুনকে অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিশ্বাস করে না ।

এ দিবসটি পালন উপলক্ষে  আজ শুক্রবার (৭ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে স্থাপিত  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের ।  দলের কেন্দ্রীয় নেতা ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

এ সময়  ওবায়দুল কাদের বলেন, ৭ জুনের পথ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ আমাদের মুক্তির সংগ্রামের কাণ্ডারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি।

 উল্লেখ্য, ১৯৬৬ সালের এদিনে  আওয়ামী লীগের নেতৃত্বে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত  বাঙালি জাতির মুক্তির সনদ ৬-দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়।

এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআরের গুলিতে ১১ জন  শহীদ হন। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

এ উপলক্ষে আওয়ামী লীগ ছাড়াও  বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/ এমএএইচ/৭