অসুস্থ খালেদাকে আদালতে হাজির করা হয়নি, কয়লাখনি মামলার শুনানি পেছাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i71321-অসুস্থ_খালেদাকে_আদালতে_হাজির_করা_হয়নি_কয়লাখনি_মামলার_শুনানি_পেছাল
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ তাকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেয়া হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ জুলাই দিন ধার্য করেছে আদালত।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ১৯, ২০১৯ ০৮:৪০ Asia/Dhaka
  • অসুস্থ খালেদাকে আদালতে হাজির করা হয়নি, কয়লাখনি মামলার শুনানি পেছাল

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ তাকে আদালতে হাজির করা হয়নি। এ কারণে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেয়া হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ১৮ জুলাই দিন ধার্য করেছে আদালত।

আজ (বুধবার) ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের একটি ভবনে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক এ এইচ এম রুহুল ইমরান শুনানি শেষে এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার মামলাটির অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য আজ দিন ধার্য আছে। কিন্তু খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। সেজন্য অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করছি।’ এরপর বিচারক আবেদনটি মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ১৮ জুলাই নতুন দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এই মামলা দায়ের করা হয়। ওই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া মামলার অন্য অভিযুক্তরা  হলেন— সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মৃত), সাবেক স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া (মৃত), সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী (মৃত), সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মো. মুজাহিদ (মৃত), এম কে আনোয়ার (মৃত), এম শামসুল ইসলাম (মৃত), ড. খন্দকার মোশাররফ হোসেন,আলতাফ হোসেন চৌধুরী,ব্যারিস্টার আমিনুল হক, এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।