'অনির্বাচিত সরকার' আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না: বিএনপি
-
বক্তব্য রাখছেন সেলিমা রহমান
'বাংলাদেশে বর্তমানে একটি অনির্বাচিত অনৈতিক সরকার ক্ষমতায় বহাল রয়েছে বলেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না।' আজ (শনিবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
বিএনপি’র এই সাবেক মন্ত্রী বলেন, আজকে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কারণ বাংলাদেশের এই অবৈধ সরকার যারা মিডনাইট নির্বাচন করে ক্ষমতায় এসে অবৈধভাবে সংসদ চালাচ্ছে তারা এসব কন্ট্রোল করতে পারছে না। কারণ তারা নিজেরাই অনৈতিক, তাদের মধ্যে কোন বিবেকবোধ নাই।
সেলিমা রহমান বলেন, দেশে বিচারব্যবস্থা বলে কিছু নেই। সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে দেশে সুশাসন আসবে না। এ সময় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দরকার বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
সেলিমা রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকলে এই অবৈধ নির্বাচন হতে পারত না। তিনি মুক্ত থাকলে সরকার একদলীয় শাসন কায়েম করতে পারত না। তাই সরকার নির্বাচনের আগমুহূর্তে প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশনেত্রীকে দীর্ঘদিন যাবত অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, রাজধানীতে বিশ্বজিৎকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছিল। আদালতে তাদের বিচারও হয়েছিল। তারা ক্ষমতার প্রভাবের সাথে জড়িত ছিল। আজকে তাদের কার কী হয়েছে তা আমরা জানি না। সাগর-রুনী হত্যা, তনু হত্যা, নুসরাত হত্যা- একের পর এক হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। প্রতিটা হত্যাকাণ্ডের পর আন্দোলন হয়, সরকার বড় গলায় বলে কাউকে ছাড় দেয়া হবে না। কিন্তু আস্তে আস্তে সরকার সেসব ভুলে যায়।
তিনি উল্লেখ করেন, আজকে বরগুনায় প্রকাশ্যে দিবালোকে রাজপথে রাফিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাফি হত্যাকারী নয়ন বন্ড অনেকদিন যাবত অপরাধ সংঘটিত করে আসছিল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার না করে আরো অপরাধ করতে সহযোগিতা করেছিল।
এ সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র মুক্তির আন্দোলনে সক্রিয়া হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯