স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল, ঢামেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i72381-স্বাস্থ্য_মন্ত্রণালয়ের_সবার_ছুটি_বাতিল_ঢামেকে_২৪_ঘণ্টায়_ডেঙ্গুতে_৩_জনের_মৃত্যু
বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আজ (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও গুজব প্রতিরোধ-সংক্রান্ত একটি পর্যালোচনা সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জুলাই ৩০, ২০১৯ ১৬:৩৩ Asia/Dhaka
  • হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে
    হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে

বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। আজ (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও গুজব প্রতিরোধ-সংক্রান্ত একটি পর্যালোচনা সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় চিকিৎসক স্বল্পতার জন্য যেসব চিকিৎসক ট্রেনিংয়ে আছেন, তাদেরকে ট্রেনিং বাদ দিয়ে চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রয়েছে মানসম্মত ওষুধ ব্যবহারের নির্দেশনা।

মিনিস্টার মনিটরিং সেল গঠন

এদিকে, চলমান ডেঙ্গু রোগ সংক্রান্ত জনভোগান্তি নিরসন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড তদারকি করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক তার নিজ দপ্তরে ডেঙ্গু রোগ সংক্রান্ত মিনিস্টার মনিটরিং সেল নামে একটি আলাদা মনিটরিং সেল গঠন করেছেন।

নির্দেশনা অনুযায়ী মিনিস্টার মনিটরিং সেল ডেঙ্গু রোগ পরীক্ষার ফি সংক্রান্ত সরকারি নির্দেশনার কোনো প্রকার লঙ্ঘন হলে তার অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বিষয়ে জন-ভোগান্তি লাঘবে মিনিস্টার মনিটরিং সেল এ সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে।

২৪ ঘন্টায় ৩৮৪৭ জন ডেঙ্গু রোগী

গত ২৪ ঘন্টায় সারাদেশে ৩,৮৪৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত ১৩,৬৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। এর মধ্যে ৯,৭৪০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এখনো ভর্তি আছে ৩৮৪৭ জন।

ঢামেকে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিন ডেঙ্গু রোগী।  আজ সকাল ১০টার দিকে লিটন হাওলাদার (২৫) নামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত একজন মারা গেছেন। নিহত অপর দুজনের একজন উপ সচিবের স্ত্রী এবং অপরজন গার্মেন্টসকর্মী। ঢামেকের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ওয়াহেদুজ্জামান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার সকালে ঢামেক হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গার্মেন্টস কর্মী রিতা (২৮) মারা যান। তিনিও ২৭শে জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একইদিন রাত পৌনে ২টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারজানা হক (৪৩) নামে এক নারী। ঢামেক সূত্রে জানা গেছে, এ হাসপাতালে ডেঙ্গু রোগে মারা গেছেন নয় জন। নিহত অন্যান্যরা হলেন, ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফ্যান্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০) ও লালবাগের ফরহাদ (৪৪)।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০