'আগস্ট মাস আসলেই একাত্তরের পরাজিত অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে'
https://parstoday.ir/bn/news/bangladesh-i72555-'আগস্ট_মাস_আসলেই_একাত্তরের_পরাজিত_অপশক্তিরা_ষড়যন্ত্র_শুরু_করে'
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস আসলেই একাত্তরের পরাজিত অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০৫, ২০১৯ ১৪:৫৬ Asia/Dhaka
  • সাংবাদিকদের ব্রিফ করছেন ওবায়দুল কাদের
    সাংবাদিকদের ব্রিফ করছেন ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস আসলেই একাত্তরের পরাজিত অপশক্তিরা ষড়যন্ত্র শুরু করে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

আজ (সোমবার) সকালে শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে ওবায়দুল কাদের বলেন, ‘আগস্টের বাতাসে ষড়যন্ত্রের গন্ধ, আমাদের সতর্ক থাকতে হবে। আগস্ট আসলেই সেই পরাজিত শক্তি তাদের ষড়যন্ত্র শুরু করে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি এ নির্দেশনা আমাদের নেতা-কর্মীদের পৌঁছে দিচ্ছি।’

আগস্ট মাসে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসেই প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে গ্রেনেড হামলা করা হয়েছে আমাদেরই সন্ত্রাস বিরোধী সমাবেশে। ওই দিনের গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু এভিনিউ রক্তাক্ত হয়েছিল। এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগস্ট মাসে বাংলাদেশের ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলা হয়েছিল। এমনকি ধানমণ্ডি ৩২ নম্বরেও হামলার পরিকল্পনা ছিল। আমরা সতর্ক ছিলাম বলেই তারা তাদের লক্ষ্য কার্যকর করতে পারেনি।’

শেখ কামাল প্রসঙ্গে তিনি বলেন, ’৭৫-এর ১৫ আগস্ট ঘাতকদের আঘাতে শেখ কামাল আমাদের মাঝ থেকে রক্তাক্ত বিদায় নিয়েছেন। আমরা আজ এ শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। শেখ কামালের যোগ্যতা, সাহস এবং নেতৃত্বে যে গুণ ছিল তাতে তিনি তারুণ্যের রোল মডেল হওয়ার যোগ্যতা রাখতেন।

শেখ কামালকে তারুণ্যের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাঁকে আমাদের তরুণেরা অনুসরণ করলে সৃষ্টিশীল নব উদ্যমে তারুণ্য সৃষ্টি হতে পারে। তার এ জন্মদিনে আমরা শপথ নেব শেখ হাসিনার নেতৃত্বে শেখ কামালকে অনুসরণ করে আমরা নব উদ্যমে এগিয়ে যাব।

এর আগে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ কামালের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বনানী কবরস্থান মসজিদে শেখ কামালের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫