সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়: বাংলাদেশ
ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে বাংলাদেশ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের ঢাকা সফর শেষে এ বিবৃতি প্রকাশিত হলো।
আজ (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ মনে করে যে ভারতীয় সরকার কর্তৃক (সংবিধানের) ৩৭০ অনুচ্ছেদ বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ সর্বদা নীতিগত বিষয় হিসেবে সমর্থন জানিয়েছে যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উন্নয়নের বিষয়টিও সব দেশের অগ্রাধিকার হওয়া উচিত।’
সোমবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ সফরে আসেন। গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে দেখা করেন তিনি।
এ সময় অক্টোবরে দ্বিপক্ষীয় সফরে ভারতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি তুলে দেন। আজ (বুধবার) সকালে বাংলাদেশ ত্যাগ করেন এস জয়শঙ্কর।

গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত। এর মাধ্যমে রাজ্যটিকে দ্বিখণ্ডিত করে ‘জম্মু ও কাশ্মীর’ এবং ‘লাদাখ’ নামে বিভক্ত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।
বিশেষ মর্যাদা বাতিলের আগে সম্পদের মালিকানা ও মৌলিক অধিকারের বিষয়ে নিজেরাই নীতি প্রণয়ন করতে পারত কাশ্মীরিরা। এমনকি রাজ্যের বাইরের আরো সেখানে জমি কেনাও নিষিদ্ধ ছিল। পাশাপাশি নিজেদের সংবিধান, আলাদা পতাকা ও আইন প্রণয়নের স্বাধীনতা ছিলও তাদের। শুধু পররাষ্ট্র, প্রতিরক্ষা ও যোগাযোগ ছিল কেন্দ্রীয় সরকারের হাতে।
কাশ্মীরিরা মনে করছে, বিশেষ মর্যাদা বাতিলের মাধ্যমে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার কাশ্মীরের বাইরের মানুষদের সেখানে জমি কেনার অধিকার দিয়ে সেখানকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার বৈশিষ্ট্যকেই পাল্টে দিতে চায়।
৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগের দিন গত ৪ আগস্ট থেকে জম্মু ও কাশ্মীরে কারফিউ জারি করে নজিরবিহীন নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। নিরাপত্তা বজায় রাখার স্বার্থে কাশ্মীর উপত্যকায় টেলিফোন লাইন, ইন্টারনেট ও টেলিভিশন নেটওয়ার্ক বন্ধ রাখা হয় এবং লোকজনের অবাধ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। কারফিউ জারির পর থেকে কমপক্ষে চার হাজার কাশ্মীরিকে গ্রেফতার করা হয়েছে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।