নারী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন, আফগানিস্তানের কাছে হেরে গেল সাকিবরা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের নারী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতেই নারী ক্রিকেট দলের সাফল্যের প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নারীরা ক্রিকেটে ভালো করছে। শুধু ক্রিকেটেই নয় ফুটবলও তারা ভালো খেলছে। ক্রিকেট ও ফুটবলে নারীদের বিজয়ের ধারাবাহিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, আজ সকাল থেকেই বার বার বৃষ্টির বাধায় চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ দলকে ২২৪ রানে হারিয়েছে নবাগত আফগানিস্তান।
সোমবারও বন্দরনগরীর চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এতে সাগরিকার মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। কাভার দিয়ে উইকেট ঢেকে রাখা হয়। ড্রেসিংরুমে বন্দি হয়ে থাকেন ক্রিকেটাররা। ফলে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হতে দেরি হয়ে যায়।
দিনের প্রথম সেশনের কয়েক ওভার চলে যায় মাঠ পরিচর্যায়। শেষ বিকেলের এক ঘণ্টা ১০ মিনিট সময় ছিল হাতে, মাত্র ১৯টি ওভার। চার উইকেট হাতে নিয়ে এই সময়টুকুও পার করতে পারেনি বাংলাদেশ।
এর আগে, বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী নিজ হাতে এন্ড্রু কিশোরকে অনুদানের চেক তুলে দেন।
এন্ড্রু কিশোর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ প্রকশ করে বলেন, ‘আমি অসুস্থ এটা জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। সংস্কৃতির মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এ সৌজন্য সত্যি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ঈশ্বর যেন তাকেও ভালো রাখেন।’
এন্ড্রু কিশোর অনেকদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন। দেশের চিকিৎসক বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেজন্য আজ তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন