বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন সৌম্য, নতুন চমক নাঈম-বিপ্লব
-
মোহাম্মদ নাঈম শেখ (ডানে)
আফগানিস্তানের বিপক্ষে হারার পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্বের দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। প্রায় এক বছর পর বাংলাদেশ দলের দরজা খুলেছে বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। দলে যুক্ত হয়েছেন রুবেল হোসেন ও শফিউল ইসলাম।
আর বাদ পড়েছেন সিরিজের প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্স করা সৌম্য সরকার। জিম্বাবুয়ের বিপক্ষে ৪ রান এবং আফগানিস্তানের বিপক্ষে ০ রান করেছিলেন তিনি।
না খেলে বাদ পড়েছেন মেহেদি হাসান ও প্রথম ঘোষিত দলের চমক ইয়াসিন আরাফাত। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হুট করেই দলে নেয়া আবু হায়দারও বাদ না খেলেই।
বাঁহাতি ওপেনার নাঈম শেখ ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে এর মধ্যেই খেলেছেন বাংলাদেশে ‘এ’, ইমার্জিং দল ও বিসিবি একাদশে। সবচেয়ে বড় চমক বলা যায় অলরাউন্ডার আমিনুলকে।
অনূর্ধ্ব-১৯ পর্যায়েও মূলত ছিলেন ব্যাটসম্যান, পাশাপাশি যিনি লেগ স্পিন করতে পারেন। কিন্তু সম্প্রতি হাই পারফরম্যান্স স্কোয়াডে তার লেগ স্পিন দেখে মনে ধরে যায় সেখানকার কোচ সাইমন হেলমটের। নজরে ছিলেন জাতীয় নির্বাচকদেরও। কিছুদিন আগে খেলেছেন ‘এ’ দল ও ইমার্জিং দলে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন