খালেদা জিয়ার অসুস্থতা: সরকার ও বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে বিএনপি দূরভিসন্ধি করছে। আন্দোলনের ইস্যু করতে চাচ্ছে।
আজ শনিবার ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন,বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দলের নেতা ও স্বজনরা যে চিত্র তুলে ধরেন, চিকিৎসকদের অবজারভেশনের সাথে তার মিল নেই।
এর আগে গতকাল রাজধানীতে দলীয় এক সভায় ওবায়দুল কাদের বেগম জিয়ার জামিন প্রসঙ্গে তার সরকারের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করে বলেছেন, বেগম জিয়ার জামিনের ব্যাপারটি সম্পূর্ন আদালতের এখতিয়ার। এখানে সরকার বা প্রধানমন্ত্রীর কিছু করার নেই।
এদিকে, বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেবার আগ্রহ প্রকাশ করেছে।পরিবারের অভিযোগ হাসপাতালে তাকে কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না। বেগম জিয়ার জামিনের বিষয়ে সরকারকে আন্তরিক হবার আহ্বান জানিয়েছে তার পরিবার।
গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার মেঝো বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেছেন, হাসপাতালে তাঁর কোন চিকিৎসা হচ্ছে না। তাঁর শরীরের অবস্থা আরো খারাপ হয়েছে। তিনি উঠতে পারছেন না, বসতে পারছেন না,চলতে পারছেন না; নিজ হাতে কিছু খেতে পারছেন না।
এদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম বলছেন, বেগম জিয়ার জামিন দেয়ার এখতিয়ার একমাত্র আদালতের।
দুর্নীতির পৃথক দুটি মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত বছরের ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন। ৭৪ বছর বয়সী খালেদা জিয়া কারা হেফাহতে চিকিৎসার জন্য গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউর একটি কেবিনে ভর্তি আছেন।
হাসপাতালে ভর্তি করার পর থেকেই বিএনপি ও তার পরিবার বারবারই তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি জানিয়ে আসছে। সম্প্রতি বিএনপি’র কয়েকজন সংসদ সদস্য আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের সাথে দেখা করে বেগম জিয়ার নাজুক শারীরিক আবস্থার প্রেক্ষিতে তাঁকে জামিনে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর বরাবর অনুরোধ জানিয়েছেন।
এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছে সরকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাণনাশে মহাপরিকল্পনা আঁটছে ।
গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছেন, ‘খালেদা জিয়া বর্তমানে কারাগারে ভীষণ অসুস্থ। তার অসুস্থতা নিয়ে চলছে সরকারের নির্দয় আচরণ। তার উন্নত সুচিকিৎসার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। গত ১৪ দিনে কোনো চিকিৎসক তার নিকট যাননি। বিএসএমএমইউ’র ভিসি গত সপ্তাহে রিমাটোলজিস্টদের দিয়ে যে মেডিকেল বোর্ড গঠন করেছেন, আজ পর্যন্ত সেই মেডিকেল বোর্ড বেগম জিয়া কিংবা তার কোনো স্বজনকে চিকিৎসার কোনো রিপোর্ট দেননি।’
বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সরকার মানবতাবোধশূন্য এবং বেআইনি কাজে এতো অভ্যস্ত যে, তারা বেগম খালেদা জিয়ার বিপজ্জনক অসুস্থতাও ভ্রুক্ষেপ করছে না। সরকারের অমানবিক ও নিষ্ঠুর আচরণ প্রমাণ করে দেশনেত্রীর প্রাণনাশ করতে তারা গোপনে মহাপরিকল্পনা আঁটছে।
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রবের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে সম্মতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সাক্ষাতের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের অসুস্থতার কারণে কারাগারে সাক্ষাৎপ্রার্থী ফ্রন্ট নেতাদের তালিকা পাঠাতে বিলম্ব হচ্ছে। আজ শনিবার (২৬ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি ঠিক করা হবে বলে ফ্রন্ট সূত্রে জানা গেছে। #
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।