খোকার মরদেহ আসবে বৃহস্পতিবার, নিউইয়র্কে প্রথম জানাজা সম্পন্ন
https://parstoday.ir/bn/news/bangladesh-i75008-খোকার_মরদেহ_আসবে_বৃহস্পতিবার_নিউইয়র্কে_প্রথম_জানাজা_সম্পন্ন
একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপি'র ভাইস-চেয়ারম্যান ও অবিভক্ত  ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পৌঁছাবে। নিউ ইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১টায় জেএফকে বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে খোকার মরদেহ ঢাকার উদ্দেশে রওয়ানা হবে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৫, ২০১৯ ১১:১৯ Asia/Dhaka
  • নিউইয়র্কে সাদেক হোসেন খোকার প্রথম জানাজা সম্পন্ন
    নিউইয়র্কে সাদেক হোসেন খোকার প্রথম জানাজা সম্পন্ন

একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপি'র ভাইস-চেয়ারম্যান ও অবিভক্ত  ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পৌঁছাবে। নিউ ইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১টায় জেএফকে বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সে খোকার মরদেহ ঢাকার উদ্দেশে রওয়ানা হবে।

সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকায় আসার পর পাঁচটি জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে তাঁকে শেষ ইচ্ছা অনুযায়ী বাবার কবরের পাশে দাফন করা হবে।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান আজ (মঙ্গলবার) দুপুরে গণমাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, একাত্তরের গেরিলা বাহিনীর এই কমান্ডারের মরদেহ আগামী বৃহস্পতিবার ঢাকায় ফেরার পর পাঁচটি জানাজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুরান ঢাকার সাবেক এই সংসদ সদস্য ও মন্ত্রী সাদেক হোসেন খোকার জানাজা হবে পরে এই জননেতাকে নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে দুপুর ১২টা থেকে সর্বস্তরের মানুষ এই গেরিলা নেতার প্রতি তাঁদের শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।

এদিন বাদ জোহর বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ নিয়ে যাওয়ার হবে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক তৎপরতার কেন্দ্রস্থল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। এখানেই দলের পক্ষ থেকে ও তৃণমূল কর্মীরা তাঁদের প্রাণপ্রিয় নেতাকে শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে বিকেল ৩টায় অবিভক্ত ঢাকার সাবেক মেয়রকে নিয়ে যাওয়া হবে নগর ভবনে; বিভক্ত হওয়ার এখন যেটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যালয়। সেখানে নগরীর জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীরা খোকাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

বেগম খালেদা জিয়ার সঙ্গে সাদেক হোসেন খোকা (ফাইল ফটো)

দীর্ঘ ৫ বছরের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর নিউ ইয়র্ক সময় রোববার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ম্যানাহাটানের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

এসময় হাসপাতালে তার শয্যাপাশে স্ত্রী ইসমত আরা, বড় মেয়ে সারিকা সাদেক, দুই ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ইশফাক হোসেন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।

প্রয়াত এ নেতার শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে ঢাকার জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

ইতোমধ্যে, আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টারে সাদেক হোসেন খোকার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজার আগে প্রবাসী মুক্তিযোদ্ধারা তার প্রতি সম্মান জানান। সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধারা একাত্তরের গেরিলা বাহিনীর এ সদস্যকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

নিউ ইয়র্কে সাদেক হোসেন খোকার প্রথম জানাজায় প্রবাসী আওয়ামী লীগ, বিএনপিসহ সেখানকার প্রবাসী বাঙালীরাও অংশ নেন। জানাজায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে, সাদেক হোসেন খোকার মরদেহ দেশে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে খোকার স্ত্রী ইসমত আরার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট। একই সঙ্গে খোকার মরদেহ দেশে নিতে ফিউনারেল হোমের কাগজপত্রও সত্যায়িত করে দিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ।

নিউ ইয়র্কে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকা (ফাইল ফটো)

খোকার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

জনবান্ধব রাজনীতিবিদ সাদেক হোসেন খোকার জন্ম ১৯৫২ সালের ১২ মে। ছাত্র জীবনে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি আর্জন করেন।

সাদেক হোসেন খোকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় মাতৃভূমিকে মুক্ত করার শপথ নিয়ে ১৯৭১ সালে যোগ দেন সশস্ত্র মুক্তিযুদ্ধে। ঢাকা শহরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে গেরিলা বাহিনীর একাধিক সফল অপারেশনে নেতৃত্ব দেন সাদেক হোসেন খোকা।

মুক্তিযুদ্ধ থেকে ফিরে ১৯৭২ সালে ক্রীড়া সংস্থা ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব নিয়ে তিন বছরের মধ্যে ক্লাবটিকে তৃতীয় থেকে প্রথম বিভাগে উন্নীত করেন। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা খোকা ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।